লোনা পানিতে পাঁচ হাজার হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় লোনা পানিতে প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার বেশির ভাগ জমির বোরো ধান চিটা হয়ে গেছে। অন্যান্য ফসলও পচে নষ্ট হয়ে গেছে।জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ৮, ৯ ও ১০ এপ্রিল পূর্ণিমার প্রভাবে জেলার বিভিন্ন উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় আট হাজার হেক্টর জমি জোয়ারের পানিতে প্লাবিত হয়। জোয়ারের ওই পানিতে উচ্চমাত্রায় লবণ ছিল। পরে কিছু জমি থেকে পানি নেমে গেলেও লবণের প্রভাবে ফসল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।সরেজমিনে পরিদর্শন ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লোনা পানির প্রভাবে বিভিন্ন এলাকার জমির বোরো ধান চিটা হয়ে গেছে। এ ছাড়া ডাল, সয়াবিনসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে।দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ মোল্লা বলেন, তাঁর এক একর ৬০ শতাংশের খেসারি লোনা পানিতে ডুবে যাওয়ার পর তাতে পচন ধরেছে এবং ৮০ শতাংশ জমির সয়াবিন নষ্ট হয়ে গেছে। পানিতে তিন দিন ডুবে থাকার পর সয়াবিনগাছের ফল চিটা হয়ে যায়।একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিন হাওলাদার জানান, তিনি চলতি মৌসুমে সাড়ে সাত একর জমিতে বাদাম, মুগ ও মসুরের আবাদ করেছেন। কিন্তু হঠাৎ করে জোয়ারের কারণে জমিতে লোনা পানি ঢোকায় দুই একর জমির পাকা মুগ ও বাদাম পচে গেছে। তলিয়ে গেছে দুই একর জমির বোরো ধান। আর দিন দিন আধা পাকা ধান চিটা হয়ে যাচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘আর গিরস্থি (আবাদ) করুম না, হাউস মিড্ডা গেছে। গত তিন বছরে ছয় লাখ টিয়া লোসকান দিছি। এহন চিন্তা করছি, ঢাকার শহর যাইয়া রিশকা চালামু।’মদনপুর ইউনিয়ন ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, মদনপুরে লোনা পানিতে প্রায় ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরো ধান চিটা হয়ে যাচ্ছে। কৃষকদের আগেই লবণসহিঞ্চু জাতের ধান চাষ করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা তা শোনেনি।সদর উপজেলার চর ইলিশা ইউনিয়নের গাজীপুরা চর ব্লকে অতিরিক্ত দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা বশির আহমেদ বলেন, গাজীর চরের প্রায় ৪০০ একর জমির ফসল লোনা পানিতে পুরোপুরি নষ্ট হয়ে গেছে।জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তিরঞ্জন মণ্ডল প্রথম আলোকে বলেন, লোনা পানিতে প্লাবিত হওয়ায় জেলার প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।