লোনা পানিতে বোরো খেত প্লাবিত হওয়ার আশঙ্কা
চট্টগ্রামের আনোয়ারায় বোরো আবাদের জন্য শঙ্খ খালের এক প্রান্তে নির্মাণ করা একটি বাঁধ গত শুক্রবার রাতে ভেঙে গেছে। এতে লোনা পানি ঢুকে উপজেলার চার ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান, বোরো ধানের খেতে যাতে লোনা পানি ঢুকতে না পারে, সে জন্য প্রতিবছর স্থানীয় লোকজন উপজেলার বরুমচড়ার শঙ্খ খালে বাঁধ দেয়। এই বাঁধের কারণে শঙ্খ নদের লোনা পানি বাধাপ্রাপ্ত হয় আর কর্ণফুলী নদী দিয়ে কাপ্তাই বাঁধের মিঠাপানি শঙ্খ খালে প্রবেশ করে। পরে চাষিরা এই মিঠা পানি দিয়ে বোরো চাষ করেন। গত ১৪ মার্চ উপজেলা প্রশাসনের লোকজন শঙ্খ খালের মুখে বাঁধ দেয়। কিন্তু শুক্রবার রাতে শঙ্খ নদের জোয়ারের পানির চাপে বাঁধটি ভেঙে যায়। এতে কৃষকদের মধ্যে বোরো খেতে লোনা পানি প্রবেশের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।চাষিরা জানান, বাঁধটি দেওয়ায় উপজেলার বরুমচড়া, বারখাইন, আনোয়ারা ও বটতলীর চাষিরা বোরো চাষ করে উপকার পান। শুধু তা-ই নয়, এসব এলাকার অনেক চাষি শঙ্খ খাল দিয়ে আসা মিঠা পানি দিয়ে সবজি চাষ করেন। বাঁধটি দ্রুত সংস্কার না করলে এক হাজার হেক্টরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হবে। আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জমান প্রথম আলোকে বলেন, ‘ভরা শঙ্খের বাঁধ ভাঙার খবর পেয়ে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি।’