লোনা পানির দাবি চিংড়িচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নের চিংড়িচাষিরা তাঁদের ঘেরে লোনা পানির সরবরাহ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। লোনা পানির দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে তাঁরা মানববন্ধন ও সমাবেশ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ আড়াই হাজার বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি চাষ করে আসছেন। এসব ঘেরের জন্য লোনা পানি আসে কালিন্দি নদী থেকে রতনপুর ইউনিয়নের শিবপুর স্লুইসগেট দিয়ে। ঘেরমালিকদের কাছ থেকে চাঁদা নিয়ে আসছিলেন রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাৎ রাজা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ সুজনসহ সাত-আটজন। কিন্তু ঘেরমালিকেরা সম্প্রতি চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা বিভিন্ন দপ্তরে ধরনা দিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে শিবপুর স্লুইসগেট বন্ধ করিয়েছেন।
তবে নাজমুস শাহাদাৎ ও মাসুম বিল্লাহ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তাঁরা এলাকাবাসীর পক্ষে অবস্থান নেওয়ায় ঘেরমালিকেরা এসব অভিযোগ করছেন।
মানববন্ধনে রতনপুর ইউপির সাবেক সদস্য আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ধলবাড়িয়া ইউপির চেয়ারম্যান গাজী শওকত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
জানতে চাইলে শ্যামনগর পাউবোর শাখা কর্মকর্তা ওবায়দুল হক মল্লিক বলেন, শিবপুর স্লুইসগেট থেকে কলকলে খাল হয়ে প্রায় পাঁচ-ছয় কিলোমিটার দূরে পানি নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে এ খালের দুই পাশের কয়েক হাজার বিঘার জমিতে চাষ করতে পারছেন না কৃষকেরা। এভাবে লোনা পানি তোলার বিরুদ্ধে গ্রামবাসী হাইকোর্টে মামলাও করেছেন। স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অনেকে গেটটি বন্ধের সুপারিশ করেছেন।