রাষ্ট্রপতি জিল্লুর রহমান পরিবর্তিত জলবায়ুর উপযোগী এবং লোনাসহিষ্ণু ধান ও সবজির জাত উদ্ভাবনের জন্য নতুন কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নতুন এসব জাত কৃষক পর্যায়ে পৌঁছে দিতে হবে।’ গতকাল মঙ্গলবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান এই আহ্বান জানান। রাষ্ট্রপতি সমাবর্তনে সভাপতিত্ব করেন। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কৃষিনীতিবিষয়ক পরিচালক প্রভু পিঙ্গালি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সাংসদ মতিউর রহমান, সাংসদ কে এম খালেদ বাবু প্রমুখ। সমাবর্তন অনুষ্ঠানে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন শিক্ষাবর্ষের পাঁচ হাজার ৯৯২ জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি, ছয় হাজার ৪৩৮ জনকে স্নাতকোত্তর ও ২৬৩ জনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। বিভিন্ন অনুষদের ১৮ জন স্নাতক ও ১০৬ জন স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি শিক্ষায় ‘সেন্টার অব এক্সিলেন্স’-এর দিকে এগিয়ে যাচ্ছে। কৃষিবিদদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কর্মজীবনে যেখানেই থাকুন, দেশের কথা ভুলবেন না, ভুলবেন না এ দেশের খেটে খাওয়া মানুষের কথা। মনে রাখবেন, তাঁদের ঘাম ঝরানো অর্থে আপনারা আজ এ পর্যায়ে এসেছেন।’ রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একটি ছাত্রী হল, বায়োটেকনোলজি গবেষণা প্রতিষ্ঠান ও যানবাহন সংগ্রহের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’ সমাবর্তন বক্তা প্রভু পিঙ্গালি বলেন, ‘আমি বিশ্বাস করি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ ও জাতি গড়া এবং অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান হাতিয়ার কৃষি।’ সমৃদ্ধ বাংলাদেশ তথা পুরো বিশ্বের উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য তিনি কৃষিবিদদের প্রতি আহ্বান জানান।উপাচার্য এম এ সাত্তার মণ্ডল বলেন, ‘বর্তমানে দেশের জনসংখ্যা ১৫ কোটিরও বেশি। এর পরও আমাদের খাদ্য উদ্বৃত্ত থাকছে। কারণ, খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। এই কৃতিত্বের দাবিদার এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থী ও দক্ষ কৃষিবিদেরা।’ মৎস্য, কৃষি ও পশুসম্পদের উন্নয়নে কৃষিবিদদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি ।মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত শিরিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘মেধার স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক পাওয়া ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।’সমাবর্তনে সাংসদ, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়। নতুন-পুরোনো শিক্ষার্থীদের হাসি, গল্প, আড্ডা আর ছবি তোলায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।