লোপাসহ ২ জনের জামিন, লুৎফুন্নাহারের শুনানি সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকারের জামিন বিষয়ে আগামীকাল সোমবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া নারী উদ্যোক্তা বর্ণালী চৌধুরী লোপা ও কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ওরফে তুষার জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই দুজনকে জামিনে মুক্তির আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লুৎফুন্নাহার ওরফে লুমার জামিনের আবেদন করা হলেও মামলার নথি না থাকায় আজ রোববার শুনানি হয়নি। আগামীকাল সোমবার মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানির দিন ধার্য করেছেন আদালত।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫২টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ৫১ জন শিক্ষার্থীই জামিনে মুক্তি পেয়েছেন। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে লুৎফুন্নাহার ছাড়া সব শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন।