লোবার হাওর এখন ‘এক খণ্ড মরুভূমি’
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বেশির ভাগ হাওরজুড়ে এখন সবুজ বোরো গজিয়ে উঠছে। তাই উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে লোবার হাওরে চাষাবাদের কোনো চিহ্ন নেই। হাওরটির যত দূর চোখ যায়, দেখা যায় বালুময় পতিত জমি। মনে হয় এক খণ্ড মরুভূমি।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, হাওরটি এককালে ধান ও মাছের জন্য বিখ্যাত ছিল। কিন্তু ২০ বছর ধরে ভারতের মেঘালয় থেকে নেমে আসা বালুতে এটি ভরাট হয়ে চাষের অনুপযোগী হয়ে পড়েছে। পাশে ভরাট হয়ে গেছে হাওরের দিঘার বিলটিও। কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বালুতে ভরাট হওয়ায় হাওরের এক হাজার একর জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। বালুতে ভরাট হয়েছে দিঘার বিলটি। কিন্তু হাওরপারের কৃষকেরা বলছেন, বালুতে হাওরটির দুই হাজার একর জমি অনাবাদি হয়ে পড়েছে।কৃষক পুলিন বিহারি রায় (৭৫) জানান, হাওরটিতে তাঁর ৬০ কিয়ার (এক কিয়ারে ৩০ শতক) জমি রয়েছে। জমিগুলোর ওপর ৫-১০ ফুট বালু পড়েছে। এসব জমিতে এখন আর কোনো ফসল হয় না। আগে এসব জমি চাষ করে তিনি ভালো ফসল পেয়ে সুখে ছিলেন। গোবিন্দপুর গ্রামের কৃষক সুনীল রঞ্জন রায় (৫৫) বলেন, ‘এই আওরও (হাওরে) আমার ২৪ কিয়ার জমিনের সবডাই বালু পইড়া নষ্ট অইয়া গেছে।’ একই গ্রামের প্রসুন কান্তি মৈত্র (৫২), রানা মৈত্র (৫০), টুকেরগাঁও গ্রামের গৌরাঙ্গ বর্মণ (৫৫), দীপঙ্কর বর্মণ (৬৫) ও সুধীর বর্মণ (৬০) জানান, হাওরে তাঁদের জমি থেকেও তাঁরা আজ নিঃস্ব। কারণ, বালু পড়ে জমি ভরাট হওয়ায় এখন সেখানে আর কোনো ফসল ফলাতে পারছেন না তাঁরা।হাওরপারের টুকেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পচন বর্মণ (৭৫) জানান, এককালে এ হাওরে মাছ ধরেই তাঁদের পরিবার চালিয়েছেন। এখন ধান নেই, মাছও নেই। তিনি জানান, দিঘার বিলটিতে বিলুপ্ত প্রজাতির মহাশোল মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ত। এখন এ বিলেরও কোনো অস্তিত্ব নেই।তাহিরপুর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় পাহাড় থেকে ঢলের পানির সঙ্গে নেমে আসা বালু যাদুকাটা নদী দিয়ে হাওরে এসে পড়ে। বালু পড়ে ভরাট হওয়ায় এখানে এখন কোনো ফসল হচ্ছে না। ধ্বংস হয়ে গেছে মাছের আবাসও। দিঘার বিল নামে এখানে যে জলাশয় ছিল, এটিরও কোনো অস্তিত্ব নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, মেঘালয় থেকে নেমে আসা বালুতে উপজেলার ফসলি জমি অনাবাদি হচ্ছে, ভরাট হচ্ছে নদীনালা। উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক জানান, বালুর আগ্রাসনে উপজেলার কৃষক ও জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঘটছে পরিবেশ বিপর্যয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম আফসারুজ্জামান জানান, এ সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে আলোচনা হওয়া দরকার।