লোভে পাপ, পাপে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ছিলেন একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। কিন্তু লোভে পড়ে দ্রুত ধনী হতে গিয়ে শিক্ষকতার পাশাপাশি বহুধাপ বিপণন (এমএলএম) ব্যবসার সঙ্গে যুক্ত হন। হঠাৎ ওই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের টাকা ফেরত দিতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন তিনি।
গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার স্বপ্ননিবাস আবাসন প্রকল্পের সাত তলার ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় শরিফ আবদুর রহমান (৫০) নামের ওই শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ফরিদপুর সদরের রণকাইল উচ্চবিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শহরের আলীপুর এলাকার কবি জসীমউদ্দীন সড়কে গ্লোবাল নিউওয়ে নামের এমএলএম কোম্পানিতে কাজ করতেন।
এলাকার কয়েকজন জানান, আবদুর রহমান ওই কোম্পানিতে কর্মরত অবস্থায় ১০ মাসে টাকা দ্বিগুণ হওয়ার কথা বলে শতাধিক গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। গত বছর ওই কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে তিনি গ্রাহকদের রোষানলে পড়েন।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্র জানায়, প্রতারণার অভিযোগে আবদুর রহমানের বিরুদ্ধে থানা ও আদালতে এক ডজন মামলা হয়েছে। এ বছরের শুরুতে তিনি এ মামলায় সাত মাস দণ্ড ভোগ করেন।
পরিবার সূত্র জানায়, আবদুর রহমান মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রসুলপুর গ্রামের এস এম ইমানউদ্দিনের ছেলে। গত বছরের প্রথম দিকে তিনি ৩১ লাখ টাকা দিয়ে দক্ষিণ ঝিলটুলী মহল্লায় ওই ফ্ল্যাটটি কেনেন। সেখানেই স্ত্রী ও ছেলেকে নিয়ে বসবাস করতেন।
স্বপ্ননিবাসের তত্ত্বাবধায়ক মো. শাখাওয়াত জানান, আবদুর রহমান গত শুক্রবার দুপুরে পরিবারের লোকদের বাসার বাইরে পাঠিয়ে দেন। সন্ধ্যায় তাঁর ভাই আজাদ ও স্ত্রী বাসায় এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে আবদুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লাশের সঙ্গে পাওয়া একটি চিরকুটে দেনার দায়ে তিনি মৃত্যুবরণ করছেন বলে উল্লেখ রয়েছে।
আবদুর রহমানের স্ত্রী শারমিন জানান, ওই এমএলএম কোম্পানির মূল মালিক ছিলেন সঞ্জীব কুমার দাস নামের এক ব্যক্তি। আবদুর রহমান ছিলেন তাঁর কর্মচারী। কোম্পানি বন্ধ হয়ে গেলে সঞ্জীব আত্মগোপন করেন। কিন্তু গ্রাহকেরা টাকার জন্য আবদুর রহমানকে চাপ দিতে থাকেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অখিল বিশ্বাস জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।