লোভে পড়ে সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসার আয় দিয়ে ভালোই চলছিল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মুরগি ব্যবসায়ী হাবিবুর রহমানের সংসার। কিন্তু লোভে পড়ে পুঁজিপাট্টা খুইয়ে এখন তিনি দিশেহারা। কালাম নামের এক জিনের ফকির ২০ লাখ টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ৩৫ হাজার টাকা বাগিয়ে নিয়ে পথে বসিয়েছেন তাঁকে। গতকাল রোববার হাবিবুর রহমান প্রথম আলোকে জানান তাঁর প্রতারিত হওয়ার কাহিনি। গত ১ নভেম্বর ব্যবসার কাজে হাবিবুর বাসে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। নান্দাইল উপজেলার চৌরাস্তায় এলে একজন যাত্রী বাসে উঠে তাঁর পাশে বসেন। এ পর্যায়ে কথোপকথন শুরু হয়। যাত্রীটি নিজেকে জিনের ফকির কালা বলে পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা মুঠোফোনের নম্বর আদান-প্রদান করেন। কালাম ভৈরব সদরে বাস থেকে নেমে পড়েন। কালামের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামে। পরিচয়ের সূত্র ধরে ঈদের সপ্তাহ খানেক আগে কালাম ফকির হাবিবুরের বাড়িতে আসেন। সকালে খাওয়া-দাওয়া শেষে কালাম তাঁকে নতুন এক ব্যবসার কথা বলে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান। হাবিবুর রহমান ওই দিনই তাঁর এক শ্যালককে নিয়ে কালাম ফকিরের বাড়িতে যান। সেই রাতে কালামের বাড়িতে এক লোক এসে জানান, তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কথা জানিয়ে জিনের বাদশার মাধ্যমে কালাম ফকিরকে ক্ষতি পুষিয়ে দিতে অনুরোধ করেন। কালাম তখন অন্ধকারে আসন পেতে জিনের বাদশার সঙ্গে কথা বলেন। জিনের বাদশা অন্ধকার কক্ষে এসে ১০টি বান্ডিলে পাঁচ লাখ টাকা দিয়ে চলে যান। কালাম হাবিবুর রহমানকে বান্ডিল থেকে কয়েকটি ৫০০ টাকার নোট দেখান। ভোরে ওই ব্যক্তি টাকা নিয়ে চলে যান।এরপর ফকির কালাম হাবিবুরকে মুরগি ব্যবসা ছেড়ে দিয়ে বড় কোনো ব্যবসা করতে পরামর্শ দেন। তিনি জিনের বাদশার মাধ্যমে তাঁকে ২০ লাখ টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। পরের রাতে কালাম অন্ধকার ঘরে জিনের বাদশাকে হাজির করান। জিনের বাদশা হাবিবুরকে বলেন, তাঁর নামে ২০ লাখ টাকা মঞ্জুর হয়েছে। তবে এর বিনিময়ে তাকে (জিন) বিশেষ ধরনের মধু খাওয়াতে হবে। কালাম ফকির হাবিবুরকে জানান, ওই মধু ভারতে কিনতে পাওয়া যায়। ভারত থেকে আনতে ৩৫ হাজার টাকা খরচ পড়বে। হাবিবুর ধারদেনা করে কালাম ফকিরের বাড়িতে গিয়ে জিনের বাদশার জন্য মধু কিনতে ৩৫ হাজার টাকা দেন। জিনের বাদশা তাঁকে টাকা নেওয়ার জন্য ঈদের আগের দিন ১৬ নভেম্বর রাতে আবার আসতে বলেন। ঈদের আগের দিন রাতে হাবিবুর টাকা আনতে গেলে জিনের বাদশা টাকা দিতে ধানাইপানাই করেন। বিষয়টি বুঝতে পেরে হাবিবুর তাঁর দেওয়া ৩৫ হাজার টাকা ফেরত চান। এতে জিনের বাদশা ক্ষিপ্ত হয়ে ঈদের এক সপ্তাহ পর টাকা দেওয়া হবে জানিয়ে ঘর থেকে চলে যান। এরপর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে হাবিবুর বাড়িতে ফিরে এসে আত্মীয়স্বজনকে ঘটনাটি জানান। হাবিবুর জানান, তিনি এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মুঠোফোনে কালাম ফকিরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হলে তিনি বলেন, ‘আপনি তো সবই জানেন, তাহলে আমাকে জিজ্ঞাসা করছেন কেন?’ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমারত হোসেন গাজী প্রথম আলোকে বলেন, ঈশ্বরগঞ্জে জিনের ফকির সেজে কেউ টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।