লোভের ছুরিতে প্রাণ দিল শম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলছুট হয়ে গ্রামের ধানখেতে ঘুরছিল হরিণটি। মানুষের লোভ সম্পর্কে ধারণা থাকলে হয়তো সেখানেও আসত না। খেত থেকে কৌশলে পাকড়াও করে জবাই করা হয়েছে বিরল প্রাণীটিকে। গতকাল মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর উপজেলার হাটিরগ্রামে এ ঘটনা ঘটে। আর লোভের বলি হওয়া হরিণটি একটি বিরল শম্বর হরিণ। মূলত পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে কিছু এ জাতের হরিণ দেখা যায়। হাটিরগ্রামে ইসরাক আলী হরিণটিকে দেখে কৌশলে তাঁর বাড়ির গোয়ালঘরে নিয়ে আটকে রাখেন। পরে আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য সামসুজ্জামানের সঙ্গে পরামর্শ করে গোপনে হরিণটি জবাই করেন তিনি। মাংস ভাগবাটোয়ারা করার পর চামড়া কে নেবেন—এই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে সামসুজ্জামানের সঙ্গে থাকা এক যুবক ইসরাককে ছুরি মারেন। আহত ইসরাককে বিকেলে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ঘটনা জানাজানি হয়।বন বিভাগ উত্তর সিলেট রেঞ্জ (সারী-২) কর্মকর্তা মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে জানান, এ হরিণটি এখন কেবল পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায়। অনেক দিনের মধ্যে সিলেটে এই প্রথম এটি দেখা গেল।ঘটনাটি শোনার কথা জানিয়ে মোহাম্মদ আলী বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম জীবিত উদ্ধার করার জন্য। কিন্তু সম্ভব হয়নি। এখন চামড়া উদ্ধারের চেষ্টা করছি।’ তিনি বলেন, জৈন্তাপুর উপজেলার বনাঞ্চলে হরিণের বিচরণ রয়েছে। সেখান থেকে দলছুট হয়ে এটি লোকালয়ে আসতে পারে। সিলেট অঞ্চলের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এ প্রজাতির হরিণের রং মোষের মতো এবং অন্য জাতের হরিণ থেকে আকৃতিতে বড় হয়।জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইসরাক আলী সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে ইসরাক দাবি করেন, তাঁর ইচ্ছা ছিল হরিণটি বন বিভাগের কাছে হস্তান্তর করার। কিন্তু ইউপি সদস্য সামসুজ্জামানের লোকজন প্রাণীটিকে ছিনিয়ে নেয়। ইসরাক বলেন, ‘বাধা দেওয়ায় কয়েছ আহমদ নামের এক লোক আমাকে হাতে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে পালায়।’ইউপি সদস্য সামসুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘হরিণ তো খাওয়ার জিনিস, তাই আমরা জবাই করেছিলাম!’