লোহা-লক্কড়ের ব্যবসায়ী খুন
পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে গতকাল রোববার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুরোনো লোহা-লক্কড়ের ব্যবসায়ী রজ্জব আলী (২৬) খুন হয়েছেন। এর কিছু দূরে লালমোহন সাহা স্ট্রিটে তাঁর দোকান রয়েছে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন সন্ত্রাসী রায়সাহেব বাজার মোড়ে রজ্জবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে একটি মুঠোফোন এবং তাঁর বন্ধু রুবেলের কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত রজ্জবকে প্রথমে কাছের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত পৌনে নয়টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকি ৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন।রজ্জবের বন্ধু রুবেল ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, ঘটনার সময় তাঁরা দুই বন্ধু মুঠোফোনে টাকা ভরার জন্য রায়সাহেব বাজার মোড়ের একটি দোকানে ঢুকছিলেন। তখন রজ্জবের নাম ধরে ডাক দেয় পূর্বপরিচিত বাবু। একপর্যায়ে সে রজ্জবকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় আরও ১৫-১৬ জন সন্ত্রাসী তাঁদের ঘিরে ফেলে। তারা রজ্জবকে টেনেহিঁচড়ে কিছুদূর নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।রুবেল জানান, সন্ত্রাসীরা রজ্জবের পকেট থেকে মুঠোফোন ও তাঁর কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে ধারালো অস্ত্র উঁচিয়ে চলে যায়। তাঁর ধারণা, বাবুর সঙ্গে রজ্জবের শক্রতা থাকতে পারে।মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসা রজ্জবের মা শহর বানু বিলাপ করে বলেন, দুবাই পাঠানোর জন্য কিছু দিন আগে রজ্জবের পাসপোর্ট করা হয়। কিন্তু সন্ত্রাসীরা তাকে বাঁচতে দিল না। রজ্জবের সঙ্গে যারা ছিল, তারা এ খুনের কারণ জানে।