লোহাগড়ায় গুজবে গ্রামে গ্রামে ডাকাত আতঙ্ক
নড়াইলের লোহাগড়া উপজেলার সদরসহ বিভিন্ন গ্রামে ডাকাত-আতঙ্ক দেখা দিয়েছে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন বিক্ষুব্ধ লোকজন। অচেনা কাউকে দেখলেই চলছে জেরা-তল্লাশি। তবে পুলিশ বলছে, পুরো থানা এলাকাতেই গুজব রটেছে।
জানা গেছে, প্রায় ১০ দিন আগে থেকে উপজেলার উত্তর অংশের লোকজনের মধ্যে ডাকাত-আতঙ্ক দেখা দেয়। লোকমুখে গ্রামে গ্রামে খবর রটে, বিভিন্ন গ্রামে ডাকাতি শুরু হয়েছে। ডাকাতেরা গ্রামের নারীদেরও ধরে নিয়ে যাচ্ছে। গ্রামে যেকোনো সময় ডাকাত হানা দিতে পারে এমন খবরের ভিত্তিতে এসব গ্রামের লোকজন পাহারা শুরু করেন।
উপজেলা সদরের পূর্ব পাশে মধুমতী নদীসংলগ্ন কামঠানা গ্রাম। গত মঙ্গলবার সন্ধ্যার পর মুঠোফোনে খবর রটে মধুমতী নদী পার হয়ে একদল ডাকাত কামঠানা গ্রামে ঢুকবে। এরপর উত্তেজিত গ্রামবাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। অবশ্য পরে কোনো অঘটন ঘটেনি।
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামে ইলিয়াছ খানের মা নেহারুন্নেছা জানালার পাশে বসে ছিলেন। নেহারুন্নেছা (৭৫) এ প্রতিনিধিকে জানান, ঘরের বাইরে থেকে হাত বাড়িয়ে তাঁর চুলের মুঠি ও হাত ধরে এক যুবক টান দেয়। চিৎকার দিলে তিন যুবককে পালিয়ে যেতে দেখেছেন বাড়ির অন্যরা। তাঁর মেয়ে লাভলি বলেন, ‘অল্প বয়সী মেয়ে মনে করে বখাটেরা হয়তো এ কাজ করেছে।
কালনার এ ঘটনায় গোটা উপজেলায় গুজব রটে কালনায় ডাকাতি হয়েছে এবং ডাকাতেরা এক নারীকে ধরে নিয়ে গেছে। এর পরপর খবর ছড়িয়ে পড়ে পাশের গ্রাম চরকরফাতে ডাকাত হানা দিয়েছে। এরপর লোহাগড়া ইউনিয়নের সব গ্রামের বিপুলসংখ্যক লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসেন। রাত ১২টায় খবর রটে উপজেলা সদরের দক্ষিণের মঙ্গলহাটা গ্রামে ডাকাত হানা দিয়ে পিছু হটে উপজেলা সদরের লক্ষ্মীপাশার দিকে গেছে। এরপর গুজব ছড়ায় উপজেলার ১০ কিলোমিটার উত্তরে রামকান্তপুর গ্রামে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। এভাবে একে একে পুরো উপজেলায় গ্রামে গ্রামে ডাকাত হানা দেওয়ার গুজব ছড়ায়। সব গ্রামে শুরু হয় সশস্ত্র পাহারা। খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ গ্রামেই রাতে পাহারা চলছে।
তবে গত শুক্র ও গতকাল শনিবার উপজেলার নয়টি গ্রামে গেলে কোনো বাড়িতে ডাকাতি হয়েছে এমন তথ্য কেউ দিতে পারেননি। রামকান্তপুর গ্রামের লোকজন জানান, ডাকাতি হয়নি। কালো মাইক্রোবাস নিয়ে ডাকাতেরা এসে চলে গেছে। গাড়িটি কে দেখেছে, সে তথ্যও কেউ দিতে পারেনি। ওই নয়টি গ্রামের অন্তত ৩০ জনের সঙ্গে কথা হলে তাঁরা জানান, প্রত্যেকে আশপাশের গ্রামে ডাকাতির কথা শুনেছেন, তবে ডাকাতি হয়েছে এমন কোনো বাড়ির হদিস কেউ দিতে পারেননি।
বিভিন্ন গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিন আগে পাশের আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলায় ডাকাত-আতঙ্কের ঢেউ এ উপজেলাতেও লেগেছে। লোহাগড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কদর বলেন, ‘ডাকাত আতঙ্কে বাজারে পাহারা জোরদার করা হয়েছে। পুলিশও তৎপর হয়ে উঠেছে।’
লোহাগড়া থানা ওসি শেখ লুৎফর রহমান বলেন, ‘কারও বাড়িতে ডাকাতি হয়েছে, এমন সুনির্দিষ্ট তথ্য মেলেনি। গুজব রটায় জনমনে ডাকাত-আতঙ্ক বিরাজ করছে। তবে ভালো হয়েছে যে, গ্রামের লোকজন রাতে পাহারা দিচ্ছেন।’