লোহাগড়ায় মধুমতীতে বাজার বিলীন, ভাঙছে বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাত তখন দুইটা। গভীর ঘুমে সবাই। আমি দোকানে ছিলাম। এমন সময় ভূমিকম্পের মতো মনে হলো। শোঁ শোঁ শব্দ। দোকান থেকে দেখি, আমার দোকানের সঙ্গেই চড়চড় করে নদী ভাঙছে। চিৎকার দিলে অন্য দোকানদারেরা ও আশপাশের লোকজন আসে। দেখতি দেখতি ১০ মিনিটি আমার সব শ্যাষ।’
মধুমতী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা বাজারের মুদিদোকানি দেলোয়ার শেখ (৬০) গতকাল শুক্রবার এভাবেই আগের রাতের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন। তিনি জানান, দোকানের চালা ও অল্প কিছু মাল বের করতে পেরেছেন।
ছয় সদস্যের সংসার চালাতে এখন রাস্তার ওপর বসে চা-বিস্কুট বিক্রি করছেন। বৃহস্পতিবার রাত দুইটা থেকে চারটার মধ্যে দুই ঘণ্টায় দেলোয়ার শেখের মতো মঙ্গলহাটা বাজারের আরও ১০টি দোকান নদীতে চলে গেছে। এখন সবাই রাস্তার ওপর দোকান ওঠানোর কাজ শুরু করেছেন।
এদিকে ভাঙন রোধের জন্য নির্মিত চারটি স্পার নদীতে বিলীন হয়েছে। বাজারসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্ধেক অংশ নদীতে বিলীন হয়েছে। বাকি অংশ নদীতে গেলে ইতনা, মল্লিকপুর ও কোটাকোল ইউনিয়নের অন্তত ২৫টি গ্রামের সঙ্গে লোহাগড়া উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এসব ইউনিয়নের একাংশ।
মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, বাজার, বিদ্যালয়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং আশপাশের জনপদ বাঁচাতে ২০০৮ সালে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়। এ সময় চার কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নদীর গতিপথ পরিবর্তন করতে সাতটি স্পার নির্মাণ করা হয়। এর চারটি চলতি বর্ষা মৌসুমে নদীতে বিলীন হয়েছে। পাউবোর নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন, ওই অংশের ভাঙন রোধে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় প্রায় ২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব দেড় বছর আগে পাঠানো হয়েছে। কিন্তু কোনো অগ্রগতি নেই।