লোহাগড়ায় সাড়ে ১৩ কিমি সড়ক নদীতে
চলতি বর্ষা মৌসুমে নড়াইলের লোহাগড়া উপজেলায় কাঁচা ও পাকা মিলিয়ে সাড়ে ১৩ কিলোমিটার রাস্তা নদীতে বিলীন হয়েছে।
ছয়টি ইউনিয়নের ৮৫৭টি পরিবার মধুমতীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। ইতনা ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের ২৪টি বসতবাড়ি নদীতে চলে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, শালনগর ইউনিয়নের মাকড়াইল, কাশীপুর, রামচন্দ্রপুর, কাতলাসুর, নোয়াখোলা, আজমপুর, শিয়রবর ও রামকান্তপুর গ্রামের ২৬৩ পরিবার; জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা, আস্তাইল ও ধানাইড় গ্রামের ১৬০টি; ইতনা ইউনিয়নের ডিগ্রিচর, লংকারচর ও পাংখারচর গ্রামের ৮৭টি; মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা, দোয়ামল্লিকপুর, চরকরফা ও মহিষাপাড়া গ্রামের ৫২টি; কোটাকোল ইউনিয়নের ঘাঘা, তেলকাড়া ও মঙ্গলপুর গ্রামের ২৭টি এবং লোহাগড়া ইউনিয়নের ছাগলছেড়া, তেঁতুলিয়া, কামঠানা, পূর্ব চরকালনা ও বগজুড়ি গ্রামের ২৬৮টি পরিবার চলতি বর্ষা মৌসুমে মধুমতীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পিআইও সৈয়দ মো. আজিমউদ্দিন জানান, চলতি বর্ষায় ৮৫৭টি পরিবার বসতবাড়ি ও ফসলি জমি হারিয়েছে। এ ছাড়া সাড়ে ১৩ কিলোমিটার কাঁচা ও পাকা রাস্তা, শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়রবর বাজারের একাংশ নদীতে বিলীন হয়েছে।
ভাঙনের কারণে মাইগ্রাম, ঘাঘা, বড়দিয়া, নলডাঙ্গা, ডিগ্রিরচর, ঋষিবাড়ি বিলসহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিবছরই মধুমতীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবন যাপন করে উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষ। ভাঙনকবলিত গ্রামগুলোতে সরেজমিনে জানা যায়, চলতি মৌসুমে ভাঙনের তীব্রতা বেশি।
শালনগর ইউপির চেয়ারম্যান লাবু মিয়া জানান, ভাঙনের কারণে তাঁর ইউনিয়নের কাতলাসুর, চরগোপালপুর, খড়কদিয়া ও আজমপুর গ্রামের অস্তিত্ব বিলীন হয়েছে।
আমডাঙ্গা গ্রামের জাফর শেখ বলেন, ‘বসতভিটা কয়দিন আগে গভীর রাতে নদীতে চলে গেছে। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নড়াইলের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘মধুমতীর ভাঙন রোধে শিয়রবর বাজার এলাকা, মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকা ও মহাজন বাজার এলাকা রক্ষায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের আওতায় দেড় বছর আগে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। তাই অন্য এলাকার ভাঙন রোধে আর কোনো প্রকল্প প্রস্তাব দেওয়া হয়নি।’