লোহাগাড়ায় খাল থেকে বালু উত্তোলন বন্ধ করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার টংকাবতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ নির্দেশ দেন।
সাদিয়া আফরিন প্রথম আলোকে বলেন, উপজেলার উত্তর কলাউজানের টংকাবতী খালে সরকার অনুমোদিত বালুমহাল নেই। সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। তিনি মঙ্গলবার অভিযানে গিয়ে প্রায় ৮১ হাজার ঘনফুট বালু জব্দ করেন। এ ছাড়া তাঁর নির্দেশে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।
২৪ জানুয়ারি প্রথম আলোয় ‘লোহাগাড়ায় খাল থেকে বালু তুলতে বাধা দেওয়ায় চাঁদাবাজির মামলা?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সাংসদকে অনুরোধ করেন কলাউজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ ওয়াহেদ। পরে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে ২২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে চাঁদাবাজির মামলা হয়। চেয়ারম্যান অভিযোগ করেন, সাংসদকে ব্যবস্থা নিতে বলায় ক্ষুব্ধ হয়ে বালু উত্তোলনকারী তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করেছেন।
মামলার বাদী ও বালু উত্তোলনকারী আবদুস সবুর বলেন, প্রশাসনের নির্দেশে বালুমহালটি বন্ধ করা হয়েছে। প্রতিকার পেতে তিনি আদালতে যাবেন।