লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদে নির্বাচন আজ
চট্টগ্রামের লোহাগাড়ার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আজ ভোটগ্রহণ করা হবে। সীমানা জটিলতার কারণে এক যুগেরও বেশি সময় ধরে উপজেলার লোহাগাড়া সদর, আধুনগর ও আমিরাবাদ ইউনিয়নের নির্বাচন হয়নি। ফলে এই নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা রয়েছে।
লোহাগাড়ার নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আধুনগর, আমিরাবাদ ও লোহাগাড়া ইউনিয়নে ২৮টি কেন্দ্র রয়েছে। আধুনগরে ভোটার সংখ্যা ১৩ হাজার ৬৯৫। লোহাগাড়া ইউনিয়নে ভোটার ১৯ হাজার ৯৯৫ জন এবং আমিরাবাদ ইউনিয়নে ভোটার ২৫ হাজার ১০ জন।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন বলেন, কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে থাকবেন ম্যাজিস্ট্রেটও।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।