লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সকের ১০টি পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে ২৫ জন চিকিত্সকের স্থলে আছেন মাত্র ১৫ জন। স্ত্রীরোগ বিশেষজ্ঞের পদ শূন্য থাকায় দুই বছর ধরে প্রসূতি বিভাগ বন্ধ রয়েছে। এক্স-রে মেশিন, অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। এ কারণে জোড়াতালি দিয়ে চলছে এই স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে স্ত্রীরোগ, মেডিসিন, সার্জারি, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞসহ চিকিত্সকের ১০টি পদ শূন্য। এক্স-রে মেশিনটি ছয়-সাত মাস ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। ব্যাটারি নষ্ট থাকায় অ্যাম্বুলেন্সটি তিন-চার মাস ধরে গ্যারেজে অচল অবস্থায় পড়ে আছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, প্রয়োজনীয়সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও শৌচাগারে ময়লা-আবর্জনা জমে থাকে।এলাকাবাসী ইতিমধ্যে চট্টগ্রাম সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগে জানিয়েছে, হাসপাতালের চিকিত্সকেরা অধিকাংশ সময় কর্তব্যে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিত থাকেন। স্থানীয় প্রাইভেট ক্লিনিকগুলোতে গিয়ে চিকিত্সকেরা রোগীদের সেবা দেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে অতিরিক্ত টাকা নেওয়া হয়।এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা মংতেজ জানান, অভিযোগগুলো সঠিক নয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল আলম জানান, যেসব চিকিত্সক অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকবেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্ত্রীরোগ বিশেষজ্ঞসহ চিকিত্সকের শূন্য পদগুলো পূরণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।