লোহাগাড়ার নয়টি কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণ, তিনটিতে বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার দিনভর ১২টি ভোটকেন্দ্র ঘুরে অন্তত নয়টিতে সুষ্ঠু নির্বাচন হওয়ার চিত্র দেখে গেছে।
তবে ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি কেন্দ্রে বহিরাগত ব্যক্তিরা হামলা চালালে দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আহত হন। এই কেন্দ্রে আধা ঘণ্টার মতো অবরুদ্ধ করে রাখা হয় প্রিসাইডিং কর্মকর্তাকে। পরে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুই ঘণ্টা পর আবার ভোট গ্রহণ শুরু হয়।
গতকাল সকালের দিকে মল্লিক ছোয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংখ্যালঘু মহিলা ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে একজন প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। চুনতির পানত্রিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার বেশির ভাগ কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের খবর পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল লোহাগাড়া উপজেলায় ৫৯টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
মল্লিক ছোয়াং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার নার্গিস আক্তার গতকাল বেলা ১১টায় বলেন, ‘তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, খুব ধীর গতিতে নারীদের ভোট নেওয়া হচ্ছে।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব চৌধুরী বলেন, ‘নারীরা প্রতীকে সিল মারতে দেরি করছেন। তাই ভোট গ্রহণ চলছে ধীর গতিতে।’
লোহাগাড়া চট্টগ্রামের একমাত্র উপজেলা, যেখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত কোনো প্রার্থী নেই। তিনজন এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের সবাই ১৯ দলীয় জোটের অংশীদার তিনটি রাজনৈতিক দলের সমর্থক। তাঁদের একজন এলডিপি-সমর্থিত জিয়াউল হক চৌধুরী, বিএনপি-সমর্থিত মোয়াজ্জেম হোসেন এবং জামায়াত-সমর্থিত ফরিদ উদ্দীন খান। আওয়ামী লীগ এলডিপি-সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়েছে।
সাঈদীর প্রভাব: চাঁদে সাঈদীকে দেখা গেছে বলে লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্ন মসজিদ থেকে জামায়াত-শিবির গত বছরের ফেব্রুয়ারির ২৮ তারিখ রাতে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করে। সেই সাঈদীর কৌঁসুলি এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দীন খান এবার জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি জিততে পারলে সাঈদী মুক্তি পাবেন বলে মনে করেন গাড়িচালক মোহাম্মদ ফারুক।
চট্টগ্রামের চকবাজার থেকে ভোট দিতে তিনি লোহগাড়ার গ্রামের বাড়ি আদারচর এলাকায় যান। ফারুক প্রথম আলোকে বলেন, ‘সাঈদী খুব ভালো মানুষ। এই মানুষের জন্য কাজ করেছেন ফরিদ উদ্দীন খান। ফরিদ উদ্দীন জিতলে সাঈদী সাহেব মুক্তি পাবেন বলে আমার বিশ্বাস।’
আদাবর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বেশ কয়েকজন শিশু-কিশোর বুকে ও কপালে জামায়াত-সমর্থিত প্রার্থীর আনারস প্রতীকের ব্যাজ লাগিয়ে ভোটারদের কাছে ভোট চাইছে। এদের সবার বয়স ১২ বছরের নিচে। জিজ্ঞেস করলে তারা বলে, ‘আমরা কেউ ভোটার নই, আনারসের পক্ষে ভোট চাইতে এসেছি।’
এলডিপির প্রার্থী জিয়াউল হক চৌধুরীর অভিযোগ, ‘জামায়াত-শিবির সাঈদীকে মুক্ত করতে নির্বাচন করছে বলে বিভিন্ন সভায় প্রচারণা চালিয়েছে। এটা আচরণবিধির লঙ্ঘন। প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’
শহরের মানুষ গ্রামে: লোহাগাড়া উপজেলা জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এবারের একতরফা জাতীয় নির্বাচনের আগে জামায়াতের প্রার্থীরা এই এলাকায় সাংসদ নির্বাচিত হয়ে আসছিলেন। চট্টগ্রাম নগর, বান্দরবান ও কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করেন সাতকানিয়া ও লোহাগাড়ার বাসিন্দারা। গতকালের নির্বাচনে তিন জেলা থেকে শত শত ব্যবসায়ী পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে হাজির হন। তাঁদের বেশির ভাগই জামায়াত-সমর্থক বলে জানা গেছে।
চট্টগ্রামের নিউমার্কেটের বই ব্যবসায়ী নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘ফরিদ উদ্দীন খান ভালো ইমেজের ব্যক্তি। তাঁকে ভোট দিতে গ্রামে এসেছি। চুনতি আনসার-ভিডিপি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটটি দিলাম।’
একই কথা বললেন বান্দরবানের হোটেল ব্যবসায়ী ও আদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার মিজানুর রহমান। তিনি বলেন, ‘তিন দিন আগে আমি বান্দরবান থেকে বাড়িতে এসেছি।’