লোহাগাড়ায় অবাধে মাদক বেচাকেনা, বাড়ছে অপরাধ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবাধে মাদকব্যবসা চালানো হচ্ছে। তাই এখানে সহজেই ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাজাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে। এতে এলাকার অনেক তরুণ এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য অনেকেই চুরি, ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নেই কম-বেশি মাদকদ্রব্য বিক্রি করা হয়। তবে বটতলী মোটর স্টেশন, আলুরঘাট রোড, স্কুল রোড, মাস্টারহাট, লোহাগাড়া দর্জিপাড়া, রশিদার পাড়া, আধুনগর বাজার, চুনতি বিট, পদুয়া ইউনিয়নের তেওয়ারীহাট, সিকদার দিঘিরপাড়, মৌলভীপাড়া, আলী সিকদারপাড়া, ডেইল্যা পাড়ায় প্রতিদিন লক্ষাধিক টাকার মাদকদ্রব্য বিক্রি হয়।লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে, সদরের ফোরকান, মাছুম, দিদার, ফিরোজ, মোস্তাফিজ, মান্নান, নুর আলম, নাছির, নুরুল কবির, মিজান, সেলিম, আবদুল মোনাফ, মোহাম্মদ আলী এবং পদুয়া ইউনিয়নে মাহফুজ, উজ্জ্বল, মোস্তাক, মাহমুদুল হক, হারুন, শহিদুল ইসলাম, জমির, ফেরদৌস, আবদুল গফুর, ইসলাম, ইসমাইল, জব্বার মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। অনুসন্ধানে জানা যায়, লোহাগাড়া উপজেলায় ফোরকানসহ কয়েকজন মাদকদ্রব্য পাইকারি বিক্রি করে। তবে ফোরকান মাদকদ্রব্য বিক্রির অভিযোগ অস্বীকার করেছে।অনুসন্ধানে জানা গেছে, লোহাগাড়ায় ফেনসিডিলের বোতল কুমিল্লা থেকে আসে। ইয়াবা, হেরোইন আসে মিয়ানমার এবং চোলাই মদ ও গাঁজা চট্টগ্রাম থেকে আনা হয়। একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এ উপজেলায় মাদকব্যবসা চলছে। স্থানীয় কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, মাদকে আসক্ত হওয়ার কারণে অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে। অনেক বাবা তাঁর ছেলেকে কৌশলে বিদেশে পাঠিয়ে দিয়েছেন।পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, লোহাগাড়ায় মাদক এখন ভয়াবহ সমস্যা। মাদক বিক্রেতারা সরকারি দলের একটি অংশকে হাতে রেখে মাদকের ব্যবসা চালায়। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের সহযোগিতা ছাড়া এভাবে মাদক বিক্রি চলতে পারে না।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বলেন, গত দুই মাসে বেশ কয়েকজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে নিয়মিত মামলায় চালান দিয়েছেন। মাদক বিক্রেতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি মাদক বিক্রিতে সহায়তা করার অভিযোগ অস্বীকার করেন। উল্টো তিনি অভিযোগ করে বলেন, লোহাগাড়ায় মাদকনিয়ন্ত্রক অধিদপ্তরের কোনো কার্যক্রম নেই বললেই চলে।পটিয়া মাদকনিয়ন্ত্রক অধিদপ্তরের উপপরিদর্শক আবুল হোসাইন বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। অচিরেই আমরা লোহাগাড়ার মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ বলেন, ‘ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান করেছি। পুলিশ, প্রশাসন ও মাদকনিয়ন্ত্রক অধিদপ্তরের তৎপরতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’