লোহাগাড়ায় অস্ত্রসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবককে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার পুটিবিলা গোরস্থান লাকড়িপাড়া থেকে তাঁকে আটক করা হয়। রুবেলের বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, রুবেলসহ তাঁর সঙ্গীরা লাকড়িপাড়ার প্রবাসী জসিম উদ্দিনের কাছে কিছুদিন আগে চাঁদা দাবি করেন। গতকাল সকালে রুবেল তাঁর সঙ্গীদের নিয়ে জসীম উদ্দিনের বাড়ি যাওয়ার পথে এলাকাবাসী তাঁদের ধাওয়া দেয়। একপর্যায়ে রুবেলকে ধরে ফেলে লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকার জঙ্গলের ভেতর থেকে এক রাউন্ড গুলিসহ দেশে তৈরি অস্ত্র উদ্ধার করে।
জসিম উদ্দিন বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে হয়তো রুবেল হামলা করতে এসেছিলেন। এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ করেননি।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল বলেন, রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।