লোহাগাড়ায় আ.লীগ সমর্থিত প্রার্থী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দুটি উপজেলা নির্বাচনে একটিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। আরেকটি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছাড়াও দলের আরেকজন প্রার্থী হয়েছেন। সেই ‘বিদ্রোহী’ প্রার্থীকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এক নেতা মদদ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

আজ চট্টগ্রামের পটিয়া ও লোহাগাড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাম্মত রোকেয়া পারভিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের উপজেলায় ১৩০টি ভোটকেন্দ্রে সরঞ্জাম ও জনবল পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে।’

একই কথা বললেন লোহাগাড়ার ইউএনও ফিজনূর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘৫৯ কেন্দ্রে সরঞ্জাম চলে গেছে। এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের টহল চলছে।’

পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলের দক্ষিণ জেলা শাখার সদস্য নাসির আহমেদকে সমর্থন দিয়েছে। সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তিমির বরণ চৌধুরী। তাঁকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক নেতার পৃষ্ঠপোষকতায় তিমির প্রার্থিতা প্রত্যাহার করেননি। নগরের ওই নেতা সম্পর্কে কেন্দ্রে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

পটিয়া উপজেলা নির্বাচনে বিএনপির মোজাফফর আহমেদ এবং বিদ্রোহী কামালউদ্দিন রয়েছেন। সেখানে জামায়াত ও এলডিপি-সমর্থিত প্রার্থীসহ মোট ১১ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোহাগাড়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। চট্টগ্রামের মধ্যে এটি একমাত্র উপজেলা, যেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। এই উপজেলায় জামায়াত, বিএনপি ও এলডিপির তিন প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে। আওয়ামী লীগ সমর্থন দিচ্ছে বর্তমান চেয়ারম্যান ও এলডিপি-সমর্থিত প্রার্থী জিয়াউল হক চৌধুরীকে। লোহাগাড়া জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।

আওয়ামী লীগের নেতা মফিজুর রহমান বলেন, ‘লোহাগাড়ায় আমাদের কোনো প্রার্থী নেই। আমাদের সমর্থকেরা বিএনপি বা জামায়াতকে ভোট দেবেন না। তাই আমরা কর্নেল অলি আহমদের নেতৃত্বধীন এলডিপির প্রার্থীকে ভোট দিতে বলেছি।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘লোহাগাড়ায় তিন প্রার্থী ১৯-দলীয় জোটের সমর্থক। সেখানে যিনি জিতে আসুক না কেন, তিনি আমাদের সমর্থক চেয়ারম্যান হবেন।’

লোহাগাড়ায় এলডিপি থেকে জিয়াউল হক চৌধুরী, বিএনপির মোয়াজ্জেম হোসেন এবং জামায়াতের ফরিদউদ্দিন খান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।