লোহাগাড়ায় আরও দুটি রাবার ড্যাম নির্মাণের দাবি কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে টংকাবতী খালে স্থাপিত রাবার ড্যাম এ অঞ্চলে কৃষিসহ আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। পাশাপাশি পদুয়া হাঙ্গর খাল এবং চুনতির চাম্বি খালে আরও দুটি রাবার ড্যাম স্থাপিত হলে বোরো ও আমন মৌসুমে কমপক্ষে আড়াই হাজার হেক্টর জমিতে চাষাবাদ বৃদ্ধি পাবে। এতে প্রায় ১০ হাজার মেট্রিক টন চাল উত্পাদন বেশি হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় চাষি ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিপূর্বে চরম্বা ইউনিয়নের টংকাবতী খালে রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পর এলাকায় চাষাবাদযোগ্য জমির পরিমাণ প্রায় তিন গুণ বেড়ে যায়। বেড়েছে বোরো ও রবিশস্যের জন্য সেচসুবিধাও। পাশাপাশি সেচখরচ কমে যাওয়ায় উপকৃত হচ্ছেন কৃষকেরা। এ সাফল্য দেখে পদুয়া ও চাম্বী এলাকার কৃষকেরা মনে করছেন, তাঁদের এলাকায় রাবার ড্যাম হলে লোহাগাড়ায় ধান উত্পাদন অনেক বেড়ে যাবে।উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল হক চৌধুরী জানান, লোহাগাড়ায় বছরে ৫০ হাজার মেট্রিক টন চালের চাহিদা রয়েছে। কিন্তু উত্পাদিত হয় ৪০ হাজার মেট্রিক টন। আরও দুটি রাবার ড্যাম স্থাপিত হলে এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র খাদ্যশস্য সরবরাহ করা যাবে। উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘আমাদের এলাকায় বোরো মৌসুমে পানির স্বল্পতার কারণে চাষ কম হয়। প্রস্তাবিত রাবার ড্যামগুলো স্থাপিত হলে খাদ্য ঘাটতি হ্রাসের পাশাপাশি এলাকার আর্থসামাজিক অবস্থায় পরিবর্তন আসবে। চরম্বা রাবার ড্যাম প্রকল্পের সংরক্ষিত পানিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সাত-আট লাখ টাকার মাছ চাষ করা হয়েছে।’চরম্বা রাবার ড্যাম প্রকল্পে গঠিত সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম জানান, রাবার ড্যাম স্থাপিত হওয়ার আগে এলাকার মানুষ খেয়ে না খেয়ে কষ্টে দিনাতিপাত করত। বর্তমানে এ এলাকার মানুষ সেচসুবিধা পাওয়ায় সারা বছর চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকে। উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাশেদুর রহমান জানান, রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়নের ফলে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে বোরো ও রবিশস্যে সেচসুবিধা এবং খরার সময় আমন উত্পাদন বৃদ্ধিকল্পে সম্পূরক সেচসুবিধা পাওয়া যাচ্ছে। ফলে এলাকার কৃষকেরা বিপুল উত্সাহে চাষে আগ্রহী হচ্ছে। অন্য রাবার ড্যাম স্থাপনের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই।লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল সিংহ বলেন, লোহাগাড়ায় আরও দুটি রাবার ড্যাম স্থাপিত হলে খাদ্য ঘাটতি বহুলাংশে হ্রাস পাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।