লোহাগাড়ায় আরও দুটি রাবার ড্যাম স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে টংকাবতী খালে স্থাপিত রাবার ড্যাম এ অঞ্চলে কৃষিসহ আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি পদুয়া হাঙ্গর খাল এবং চুনতির চাম্বি খালে পৃথক রাবার ড্যাম স্থাপিত হলে বোরো ও আমন মৌসুমে অন্তত তিন হাজার হেক্টর জমিতে চাষাবাদ বৃদ্ধি পাবে। এতে প্রায় ১০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন বেশি হবে বলে আশা করা হচ্ছে।স্থানীয় চাষি ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিপূর্বে চরম্বা ইউনিয়নের টংকাবতী খালে রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পর এলাকায় চাষযোগ্য জমির পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। বেড়েছে বোরো ও রবিশস্যের জন্য সেচসুবিধাও। পাশাপাশি একর প্রতি সেচখরচ কমে যাওয়ায় উপকৃত হচ্ছেন কৃষকেরা। এই সাফল্য দেখে পদুয়া ও চুনতি এলাকার কৃষকেরা মনে করছেন, তাঁদের এলাকায় রাবার ড্যাম হলে লোহাগাড়ায় চাল তথা খাদ্য উৎপাদন অনেক বেড়ে যাবে। স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর জানান, লোহাগাড়ায় বছরে ৫০ হাজার মেট্রিকটন চালের চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদন হয় ৪০ হাজার মেট্রিকটন। আরও দুটি রাবার ড্যাম স্থাপিত হলে এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা যাবে। এ ছাড়া আউশ মৌসুমে বাড়বে দুই হাজার হেক্টর জমির চাষাবাদ।লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘আমাদের এলাকায় বোরো মৌসুমে পানিস্বল্পতার কারণে চাষ কম হয়। প্রস্তাবিত রাবার ড্যামগুলো হলে খাদ্যঘাটতি হ্রাসের পাশাপাশি এলাকার আর্থসামাজিক ব্যাপক পরিবর্তন আসবে।’ চরম্বা রাবার ড্যাম প্রকল্পে গঠিত সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম জানান, রাবার ড্যাম স্থাপিত হওয়ার আগে এলাকার মানুষ খেয়ে না-খেয়ে কষ্টে দিনাতিপাত করত। বর্তমানে এ এলাকার মানুষ সেচসুবিধা পাওয়ায় সারা বছর চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকে। পাশাপাশি রাবার ড্যাম প্রকল্পের সংরক্ষিত পানিতে মাছ চাষ করে লাভবান হতে পারবেন বলে মনে করেন তিনি।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) লোহাগাড়ার প্রকৌশলী প্রতিপদ দেওয়ান প্রথম আলোকে জানান, গত বছর উপজেলা এলজিইডি কার্যালয় থেকে রাবার ড্যাম স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। এই অধিদপ্তরের আওতায় ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মাণ বিভাগের তৎকালীন প্রকল্প পরিচালক দুটি স্থান সরেজমিন পদির্শন করেন এবং ড্যাম দুটি নির্মাণ করলে এলাকার কৃষিজ উৎপাদন বেড়ে যাবে বলে মন্তব্য করেন। চরম্বা রাবার ড্যাম এলাকায় সরেজমিনে দেখা যায়, নদীর তলদেশ থেকে পানি ওঠানোর ফলে আগে একরপ্রতি সেচখরচ লাগত পাঁচ হাজার টাকা। রাবার ড্যাম নির্মাণের ফলে তা দুই হাজার টাকায় নেমে এসেছে। ফলে চরম্বায় চাষযোগ্য জমির পরিমাণ ৩৯২ হেক্টর থেকে বেড়ে এক হাজার হেক্টরে দাঁড়িয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা বলেন, লোহাগাড়ায় আরও দুটি রাবার ড্যাম স্থাপিত হলে খাদ্যঘাটতি বহুলাংশে হ্রাস পাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।