লোহাগাড়ায় আরও সাত ইটভাটা ও ১২ করাতকল সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা আরও সাতটি ইটভাটা ও ১২টি করাতকল গতকাল মঙ্গলবার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ভ্রাম্যমাণ আদালত উপজেলার ১৪টি ইটভাটা ও ১৯টি করাতকল সিলগালা করেছেন।উপজেলার পদুয়া বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম প্রথম আলোকে বলেন, সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত চুনতি ইউনিয়নের কেবিএম, চরম্বা ইউনিয়নের এসএমবি, এসবিএন, কেবিএম, ফোরবিএম, বিবিএম ও এমবিএম ইটভাটা সিলগালা করে দেন আদালত। এসব ইটভাটার মালিকদের কাছ থেকে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এদিকে সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ১২টি করাতকল সিলগালা করে দেন আদালত। এগুলো হলো: চুনতি ইউনিয়নের আবুল হাসেম ও রনজিত দাশ, বড়হাতিয়া ইউনিয়নের মো. ওহাব, মো. শাহনেয়াজ, জিয়াউল হক, মোস্তাক আহমদ, নাছির উদ্দিন, জিয়াউল হকের, চরম্বা ইউনিয়নের আবদুল শুক্কুর, গুরা মিয়া, নাজিম উদ্দিন ও নেছার আহমদের মালিকাধীন করাতকল। এসব করাতকলের মালিকদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা বলেন, হাইকোর্টের নির্দেশ পেয়ে এ অভিযান যৌথ টাস্কফোর্সের মাধ্যমে পরিচালনা করা হয়েছে। সব ইটভাটার কার্যালয় ও করাতকল সিলগালা করা হয়েছে। শ্রমিকদের এসব ইটভাটা থেকে চলে যেতে বলা হয়েছে। পরবর্তী সময়ে কেউ এ আদেশ অমান্য করলে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। উপজেলায় অন্য যেসব ইটভাটা ও করাতকল নিষিদ্ধসীমার মধ্যে রয়েছে সেগুলোর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ১২ ডিসেম্বর প্রথম আলোতে ‘লোহাগাড়ার সংরক্ষিত বনাঞ্চলের পাশে ২০ ইটভাটা ও ২২ করাতকল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আদালত সংশ্লিষ্ট প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে এসব অবৈধ ইটভাটা ও করাতকল বন্ধের নির্দেশ দেন ।