লোহাগাড়ায় ইটভাটা ও করাত কলের কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের পাশে গড়ে ওঠা অননুমোদিত ২২টি ইটভাটা ও ২০টি করাতকলের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একই সঙ্গে আদালত তদন্ত সাপেক্ষে ওই সব ইটভাটা ও করাতকলের কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন। ওই নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে আদালতে দাখিল করতে জেলা প্রশাসককে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে অন্তর্বর্তীকালীন নির্দেশনাসহ রুল জারি করেন। বনাঞ্চলের পাশে অনুমোদন ছাড়া গড়ে ওঠা ইটভাটা ও করাতকলের কার্যক্রম কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। ইটভাটা ও করাতকলের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে। পরিবেশ, ভূমি, শিল্পসচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ ১১ বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ১২ ডিসেম্বর ‘সংরক্ষিত বনের পাশে ২২ ইটভাটা, ২০ করাতকল’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ওই রিট আবেদন করে। গতকাল রিটের ওপর শুনানি হয়। আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামিন সরকার।ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালত রুল জারি করেছেন এবং তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে ইটভাটা ও করাতকলগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। ফরেস্ট অ্যাক্ট-১৯২৭ ও করাতকল বিধিমালা-১৯৯৮ অনুসারে সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা ও ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যায় না। তার পরও করাতকল ও ইটভাটা স্থাপন ও কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করেই রিট আবেদনটি করা হয়।