লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধে দুই ভাই খুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা গ্রামে গতকাল বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধে দুই ভাই খুন হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ হোসেন (৭২) ও মোহাম্মদ মুহসিন (৬৮)। এলাকাবাসী জানায়, দীর্ঘ ১০ বছর ধরে হোসেনের সঙ্গে তাঁর আপন ছোট ভাই মুহসিনের কৃষি জমি ও ভিটেবাড়ি নিয়ে বিরোধ চলছিল। এ ব্যাপারে আদালতে উভয় পক্ষের মামলা বিচারাধীন রয়েছে। গতকাল সকালে হোসেন বিরোধপূর্ণ জমি চাষ করতে গেলে বাঁধা দেন মুহসিন। এ সময় স্থানীয়দের পরামর্শে তাঁরা বাড়িতে যান। পরে বাড়িতে তর্ক বিতর্কের এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যরা একে অপরের ওপর দা, কিরিচ নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে হোসেন মারা যান। গুরুতর আহত মুহসিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় উভয় পরিবারের চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন মো. সাহেদ, ওসমান গণি, নূরজাহান ও আনজুমারা বেগম। তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আতাউর রহমান গতকাল বিকেলে বলেন, জমি নিয়ে বিরোধে এই খুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি।