লোহাগাড়ায় জমির বিরোধে একজন নিহত, আহত ৩
চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড়ি জমি দখলকে কেন্দ্র করে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী গ্রামে কুমিরাঘোনা বাজারে ঘটনাটি ঘটেছে ২৮ সেপ্টেম্বর রাত ১০টায়। নিহত হয়েছেন কুমিরাঘোনা সিকদার পাড়ার আনোয়ার হোসেন (২৮)। আহত হয়েছেন দেলোয়ার হোসেন (৩৩), সাবেক সিরাজ মেম্বার (৪৫) ও আরমান (২২)। এ ঘটনাকে কেন্দ্র করে কুমিরাঘোনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয় লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ২৫-৩০ জনের একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে বাজারের মধ্যে বেদম প্রহার করে আনোয়ার হোসেন ও তাঁর ভাই দেলোয়ার হোসেনকে। স্থানীয় লোকজন এগিয়ে আসায় আক্রমণকারীরা স্থান ত্যাগ করে। আনোয়ার ও দেলোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।জানা যায়, কুমিরাঘোনা এলাকায় পাহাড়ি জায়গাজমিসহ দখল নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে দুই পক্ষের মধ্যে। বিভিন্ন সময় দুই পক্ষের মধ্যে ঘটেছে নানা ঘটনা। এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান জানান, ঘটনার তদন্ত চলছে এবং ইতিমধ্যে আবদুর রহিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।