লোহাগাড়ায় নিহত পুলিশ সদস্য তারেকের লাশ ফেনীতে দাফন
একমাত্র ছেলে আবু তারেক আরিফকে হারিয়ে শোকে বিহ্বল মা লাইলী আক্তার। লাশ দেখার পর মা ও একমাত্র বোন বারবার মূর্ছা যাচ্ছিলেন। বাড়িতে মাতম আর স্বজনদের কান্নায় যেন বাতাস ভারী হয়ে ওঠে।চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াত-শিবিরের হাতে নির্মমভাবে নিহত পুলিশ কনস্টেবল আবু তারেক আরিফের লাশ গতকাল রোববার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম পালগিরি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার হরতাল চলাকালে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হাতে তিনি নিহত হন।তারেকের বোন শারমিন আক্তার জানান, তাঁর বাবা আবু তাহের দুই যুগেরও বেশি সময় ধরে সৌদি আরবে চাকরি করেন। তারেক গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাড়ি আসেন। মৃত্যুর এক ঘণ্টা আগেও মোবাইল ফোনে মা আর বোনের সঙ্গে কথা বলে তাঁর জন্য দোয়া করতে বলেন। তারেকের দাফন করার সময় ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাবার বিদেশ থেকে আসার অপেক্ষায় তারেকের মরদেহ তিন দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমাগারে রাখা হয়। কিন্তু বাবার দেশে পৌঁছাতে দেরি দেখে গতকাল রোববার তাঁর লাশ গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের দিন তাঁর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী হরতালের ডাক দেয়। চট্টগ্রামের লোহাগাড়া থানা সদরে হরতাল চলাকালে কর্তব্যরত অবস্থায় জামায়াত-শিবির সন্ত্রাসীরা তাকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে এবং মাথায় লোহার খন্তা ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করে।