লোহাগাড়ায় প্রবাসী শ্রমিকের ওপর নির্যাতনের অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক প্রবাসী শ্রমিকের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁর কাছ থেকে ১৫০ টাকার স্ট্যাম্প এবং খালি ব্যাংক চেকে জোর করে স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে।জানা গেছে, উপজেলার বড়হাতিয়ার আমতলী গ্রামের ওসমান গনি (৩৫) সৌদি আরবে যান ২০০১ সালে। সেখানে লোহাগাড়ার আধুনগরের সৌদিপ্রবাসী মাহমুদুল হকের মালিকানাধীন একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ নেন। দীর্ঘ নয় বছর চাকরি করার পর ওসমান পার্শ্ববর্তী দোকানে বিক্রয়কর্মী হিসেবে যোগ দিলে ক্ষিপ্ত হন মাহমুদুল হক। ২০১০ সালের ডিসেম্বরে ওসমান দেশে বেড়াতে এলে সে সময় মাহমুদুলও দেশে আসেন।মাহমুদুল গত বছরের ৩০ ডিসেম্বর ওসমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বাড়িতে দাওয়াত দেন। দাওয়াত পেয়ে ওসমান তাঁর বাড়িতে গেলে মাহমুদুল সহযোগীদের নিয়ে তাঁকে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। এ সময় তাঁর কাছ থেকে জোর করে ১৫০ টাকার স্ট্যাম্প এবং বাড়ি থেকে ওসমানের স্ত্রী তাসমিন সুলতানাকে ডেকে একটি ফাঁকা চেকে সই নেন। পরে স্ট্যাম্পে ৩০ লাখ টাকা পাওনা রয়েছে এমন লিখে তা ওসমানের কাছে দাবি করেন। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।এ ঘটনায় ওসমান চট্টগ্রাম জেলা বিচারিক আদালতে মামলা করলে বিচারক লোহাগাড়া থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। থানার তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মুজিবর রহমান জানান, জোর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ঘটনার তদন্ত চলছে।গত ১৩ জানুয়ারি ওসমান বাজার করতে যাওয়ার সময় মাহমুদুল ও তাঁর সহযোগীরা তাঁকে আবার মারধর করেন। এলাকার সাবেক ইউপি সদস্য মো. বাদশা মিয়া তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসা শেষে ১৭ জানুয়ারি চট্টগ্রাম জেলা বিচারিক আদালতে মাহমুদুলসহ পাঁচজনকে আসামি করে আরেকটি মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই গোলাম জিলানী বলেন, তদন্ত চলছে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে।