লোহাগাড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট অক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ। বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি গতকাল দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার কাইশ্যাঘোনা এলাকার পাহাড়ে বিধ্বস্ত হয়। ছবিটি বিকেল চারটার দিকে তোলা l প্রথম আলো
বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ। বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি গতকাল দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার কাইশ্যাঘোনা এলাকার পাহাড়ে বিধ্বস্ত হয়। ছবিটি বিকেল চারটার দিকে তোলা l প্রথম আলো

বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানের দুজন পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেন।

গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা গ্রামের কাইশ্যাঘোনা পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের পুড়ে যাওয়া বিভিন্ন অংশ পাহাড়ের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বিধ্বস্ত হওয়ার স্থানটি লোহাগাড়া উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল বিকেলে মুঠোফানে খুদে বার্তা পাঠিয়ে জানায়, বিধ্বস্ত বিমানের পাইলট দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হক থেকে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাঁদের একজন সাংবাদিকদের বলেন, রাশিয়ার তৈরি ‘ইয়াক-১৩০’ মডেলের প্রশিক্ষণ বিমানটি ঘাঁটি জহুরুল হক থেকে গতকাল সকালে উড্ডয়ন করে। বিমানটিতে পাইলটের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান ও কামরুল হাসান। দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

হরিদাঘোনার বাসিন্দা ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সামশুল আলম প্রথম আলোকে বলেন, হঠাৎ বিকট শব্দে বিমানটি পাহাড়ে আছড়ে পড়ে। এ সময় দুই পাইলট প্যারাসুট দিয়ে নিচে নামেন। এর মধ্যে একজন প্যারাসুটসহ গাছে আটকা পড়েন ও অন্যজন মাটিতে নামেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে গাছ থেকে উদ্ধার করেন।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) প্রভাত কর্মকার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে উদ্ধার তৎপরতা চালান।