লোহাগাড়ায় বনবিট কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নের নারিশ্চাতে ডলু বনবিট কার্যালয়ে মঙ্গলবার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি মোটরসাইকেলসহ কার্যালয়ের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এ ঘটনায় ডলু বনবিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ ছয়জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেছেন। আসামিরা হলেন মো. মাহফুজ, নুরুল আলম, মো. সায়েম, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন ও মো. ফরিদ। জানা যায়, গত মঙ্গলবার চুনতি এলাকায় দুটি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। বিট কর্মকর্তা এতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে বনবিট কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। বনবিট কার্যালয়ের কর্মকর্তাসহ সবাইকে গালাগাল ও মারধরের চেষ্টা করে। এরপর পেট্রল ছিটিয়ে বনবিট কার্যালয়ে এবং বিট কর্মকর্তার মোটলসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা।
ডলু বনবিট কর্মকর্তা বলেন, গাছ দুটি কাটতে বাধা দেওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল্লাহ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।