লোহাগাড়ায় বাস টার্মিনালের অভাবে বাড়ছে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা লোহাগাড়া উপজেলা সদরের বটতলী স্টেশনে যানজট সমস্যা দিন দিন বাড়ছে। যানজটের কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। পাশাপাশি সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দোকানদারদের দখলে থাকায় পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে।সম্প্রতি যোগাযোগমন্ত্রী কক্সবাজার যাওয়ার পথে বটতলী স্টেশনে তীব্র যানজটে পড়লে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন সড়কের আশপাশের অবৈধ গাড়ির স্টেশন ও দোকান উচ্ছেদের। কিন্তু কিছুদিন নিয়মনীতি বজায় থাকলেও সড়কের আশপাশের জায়গা আবারও অবৈধ দখলে চলে যাচ্ছে। সড়কের ওপরই রয়েছে বেবিটেক্সি, জিপ, সিএনজিচালিত গাড়ি, দূরপাল্লার বাসের যাত্রাবিরতি ও স্টেশন। চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যবর্তী স্থান হওয়ায় এ এলাকার কর্মব্যস্ততা তুলনামূলক বেশি। কক্সবাজার থেকে ছেড়ে আসা দূরপাল্লার গাড়ির বিরতির জন্য আকর্ষণীয় স্থান হলো লোহাগাড়া বটতলী স্টেশন। ফলে এ এলাকায় গড়ে উঠেছে দূরপাল্লার অনেক বাস কাউন্টার। এ কারণে পর্যটন মৌসুমে স্থানীয় এলাকাবাসী ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। এদিকে উপজেলা প্রশাসন থেকে বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত পুরান বিওসি এলাকার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাড়ে ১১ একর জায়গা প্রায় বেদখল। এ বেদখলের পেছনে সওজের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ রয়েছে।এ ব্যাপারে দোহাজারী সওজের নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান প্রথম আলোকে জানান, পুরান বিওসি এলাকায় সওজের সাড়ে ১১ একর জায়গা বেদখল হয়েছে তা সঠিক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে পুরান বিওসি এলাকায় সওজের জায়গায় বাস টার্মিনাল নির্মাণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরিপ করা হয়েছে। লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী জানান, যানজটের কারণে শিক্ষার্থীসহ এলাকাবাসীর কষ্ট বেড়েছে। তিনি জানান, পুরান বিওসি এলাকার সওজের সাড়ে ১১ একর জায়গায় বাস টার্মিনাল, ফায়ার স্টেশন ও খেলার মাঠ নির্মাণের প্রস্তাব ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠক মামুনুর রশিদ চৌধুরী বলেন, পুরান বিওসি এলাকায় সওজের জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদ করে বাস টার্মিনালসহ খেলার মাঠ, ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নিলে লোহাগাড়ায় আধুনিকায়নের পাশাপাশি জনদুর্ভোগ কমবে।