চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থী বিএনপি ও এলডিপি-সমর্থিত প্রার্থীর সম্মিলিত প্রাপ্ত ভোটের চেয়ে প্রায় দুই হাজার বেশি ভোট পেয়েছেন। এই উপজেলায় আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থী ফরিদ উদ্দীন খান ৪৯ হাজার ৭৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপি নেতা জিয়াউল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ২১৯ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ১১ হাজার ৪১৮ ভোট।
বৃহস্পতিবারের নির্বাচনে এক লাখ ৬৫ হাজার ৭৬১ জনের মধ্যে এক লাখ এক হাজার ৫৭৭ জন ভোট দেন। প্রদত্ত ভোটের হার ৬১ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে জামায়াত-সমর্থিত প্রার্থী ৪৮ দশমিক ৯৮ শতাংশ ভোট পেয়েছেন। এলডিপি-সমর্থিত প্রার্থী ৩৫ দশমিক ৬৭ এবং বিএনপি-সমর্থিত প্রার্থী ১১ দশমিক ২৪ শতাংশ ভোট পান।
২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে এলডিপি সমর্থিত প্রার্থী জিয়াউল হক চৌধুরী প্রায় ৫২ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় আওয়ামী লীগ আলাদা প্রার্থী দিয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হয়েছিলেন তৃতীয়। এবারের নির্বাচনে জিয়াউল হক চৌধুরীর প্রায় ১৬ হাজার ভোট কমেছে।
এলডিপি-সমর্থিত প্রার্থী জিয়াউল হক চৌধুরী তাঁর পরাজয়ের জন্য স্থানীয় প্রশাসনের সূক্ষ্ম কারসাজিকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘সাতকানিয়া থেকে ২৮৮ পোলিং কর্মকর্তাকে আনা হয়। তাঁরা সবাই জামায়াতের ক্যাডার। ভোটকেন্দ্রে তাঁরা ভোটারদের প্রভাবিত করেন। অনেক ব্যালটে জামায়াত-সমর্থিত প্রার্থীর প্রতীকে সিল মেরে দেন পোলিং কর্মকর্তারা। এতে ভোটাররা ভয়ে প্রতিবাদ করেননি।’
জিয়াউল হক চৌধুরী বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর আবেগকেও কাজে লাগিয়েছেন জামায়াত-সমর্থিত প্রার্থী। ফরিদ উদ্দীন খান জিতলে সাঈদী মুক্তি পাবেন বলে প্রচারণা চালানো হয়। এতে নারী ভোটাররা বিভ্রান্ত হন। এ ছাড়া টাকা ও বোরকা বিতরণ করা হয়েছে ভোটারদের মাঝে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিজনূর রহমান বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে সাতকানিয়া থেকে পোলিং অফিসার আনা হয়েছে। তাঁর দাবি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।
সরেজমিন ভোটারদের সঙ্গে কথা বলে সাঈদীর আবেগকে কাজে লাগানোর সত্যতা পাওয়া গেছে। জামায়াত সমর্থক ভোটাররা দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দেন। তাঁদের ধারণা, ফরিদ উদ্দীন খান জিতলে সাঈদী হয়তো মুক্তি পাবেন।
ফরিদ উদ্দীন খান হাইকোর্টের আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল। তিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীরও কৌঁসুলি ছিলেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত সমর্থকেরা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ আশপাশ থেকে আগের দিন এলাকায় গিয়ে হাজির হন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেন। অন্যদেরও ভোটকেন্দ্রে নিয়ে যেতে উৎসাহিত করেন। জামায়াতের প্রায় প্রত্যেক ভোটার কেন্দ্রে গিয়েছেন। অন্যদিকে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা সেভাবে কেন্দ্রে যাননি। এ কারণে ভোট গ্রহণের হার মাত্র ৬১ শতাংশ, যার শতভাগ ফল তুলে নিতে পেরেছেন জামায়াত-সমর্থিত প্রার্থীরা।
ভাইস চেয়ারম্যান: উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নুরুল আবছার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে গুলশান আরা বেগম জয়ী হন। তাঁরা দুজনই জামায়াত সমর্থক।