লোহাগড়া ও ঈশ্বরদীতে ভাঙন বসতঘর, জমি, স্থাপনা বিলীন
নড়াইলের লোহাগড়া উপজেলার বরদিয়া নৌবন্দর বাজারসংলগ্ন এলাকায় গত ১৫ দিনে মধুমতী নদীর ভাঙনে ৪৬টি পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। এতে বাজারের দুই শতাধিক দোকান, স্কুল-মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে রয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মার ভাঙনে গত কয়েক দিনে শতাধিক বসতঘর ও তিন হাজার বিঘা ফসলি জমি বিলীন হয়ে গেছে।নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া নৌবন্দর বাজারসংলগ্ন ৪৬টি পরিবারের বসতভিটা গত ১৫ দিনে মধুমতী নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যে ২৬টি পরিবারের সদস্যরা বাজারের গরুর হাটের পাশে আশ্রয় নিয়েছে। বাকি পরিবারগুলোর সদস্যরা তাদের আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।সরেজমিনে জানা গেছে, বড়দিয়া নৌবন্দর বাজারে প্রতি শনিবার গরুর হাট বসে। বাজারের ছাউনিসংলগ্ন মাঠে গরু-ছাগল বিক্রি হলেও প্রয়োজনে বিক্রেতারা ছাউনিতে রাত যাপন করেন। এখানে গরু-ছাগলও রাখা হয়। এখানের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ২৬টি পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছে। এখানে আশ্রয় নেওয়া সাহেদা বেগম বলেন, ‘এহেনে রান্দে খাওয়ার জাগা নাই। ফাঁকা জাগা মাইয়ে-পুলা এক সাথে রইছি, ভয় করে। মাইয়েগের বারভিতরে (টয়লেটে) যাওয়ার জাগা নাই।’ বড়দিয়া নৌবন্দর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র সরকার জানান, কয়েক দিন আগে বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার ভবন ও এতিমখানা এবং গরুর হাটের একাংশ নদীতে চলে গেছে। হুমকির মুখে পড়েছে এই বাজারের ৪১৫টি দোকান, বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদ, ডাকবাংলো, খাদ্যগুদাম, নৌ-পুলিশ ফাঁড়ি, জনতা ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা।নড়াইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. লুৎফর রহমান জানান, বড়দিয়া নৌবন্দর বাজার এলাকা রক্ষা করার জন্য এ বছর এক কোটি ১৬ লাখ টাকার সিসি ব্লকের কাজ করা হয়েছে। বাজারের পূর্ব পাশের ভাঙন রোধে ২০০ মিটার সিসি ব্লকের কাজের জন্য মন্ত্রণালয়ে দুই কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের অংশে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত দুই সপ্তাহে এ ইউনিয়নের ১৫টি গ্রামের শতাধিক বসতঘর, তিন হাজার বিঘা জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙন থেকে রক্ষা পেতে শুক্রবার সন্ধ্যায় সাঁড়া ইউনিয়নবাসী নদীর তীরে দাঁড়িয়ে বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গত শনিবার ও গতকাল রোববার সাঁড়া ইউনিয়নে ১০টি বাড়ি এবং একটি মন্দির নদীগর্ভে বিলীন হয়ে যায়। শেখেরচক এলাকার একটি মসজিদ ঝুঁকির মধ্যে রয়েছে।সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুল আলম সরদার জানান, সাঁড়া ইউনিয়নের আট কিলোমিটার এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। নদীভাঙনকবলিত মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। অনেকে ঘরবাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে। ভাঙনের ভয়ে নদীর তীরে বসবাস করা গ্রামবাসী রাতে ঘুমাতে পারছে না।গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, আর মাত্র ১০ হাত ভাঙলেই শেখেরচক গ্রামের প্রাচীন জামে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। গোপালপুর গ্রামের ইছা মণ্ডল জানান, তাঁর জমিজমা যা ছিল সবই গত সপ্তাহে নদীতে ভেঙে গেছে। বাকি আছে শুধু বসতবাড়ি, কিন্তু সেই বাড়িও ভাঙনের হুমকিতে রয়েছে।ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ ছাড়া তিনি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।