লোহাগড়া বাজারে অরক্ষিত ১১ হাজার ভোল্টের ট্রান্সফরমার
নড়াইলের লোহাগড়া বাজারের ব্যস্ত গলিপথে জনাকীর্ণ এলাকায় অরক্ষিত বিপজ্জনক অবস্থায় ১১ হাজার ভোল্টের ট্রান্সফরমার রাখা হয়েছে। প্রায় এক বছর ধরে এ অবস্থায় এটি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, বাজারের মধ্যে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের পাশ দিয়ে কুন্দশী চৌরাস্তায় যেতে গলিপথের লাগোয়া পূর্ব পাশে একটি ট্রান্সফরমার রয়েছে। এর পাশেই দুটি আইসক্রিমের কারখানা ও তেলের কল এবং অন্যান্য দোকান। ব্যস্ত এই গলিপথে শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। এলাকাটি সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনাকীর্ণ থাকে।
১১ হাজার ভোল্টের দুটি ট্রান্সফরমার নিচে বসানো রয়েছে। এর তিন পাশে সামান্য উঁচু দেয়াল দিয়ে ঘেরা থাকলেও একপাশে দুটি তারকাঁটা দিয়ে কোনোরকম ঘেরা। পাশের ব্যবসায়ী রহিম মোল্লা বলেন, কৌতূহলবশত শিশুরা মাঝে মাঝে ওখানে যায়। তাদের আশপাশের ব্যবসায়ীরা সরিয়ে দেন। ব্যবসায়ী অলিয়ার রহমান বলেন, ট্রান্সফরমার দুটি গলিপথের সঙ্গে লাগোয়া। অথচ এর গাঘেঁষে প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন ও লোকজন চলাফেরা করে।
স্থানীয় ব্যবসায়ী ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, বহু বছর ধরে এখানে ট্রান্সফরমার রয়েছে। এর মাধ্যমেই লোহাগড়া বাজারে বিদ্যুৎ সরবরাহ হয়। এক বছর আগে ট্রান্সফরমার পরিবর্তন করা হয়। তখন একপাশের দেয়াল ভেঙে ট্রান্সফরমার বের করে নতুন দুটি ঢোকানো হয়। ওই অরক্ষিত অবস্থায় এখনো আছে। এই ট্রান্সফরমার থেকে যে কেব্ল সংযোগ আছে, তার গোড়ায় মানুষ বা অন্য প্রাণীর স্পর্শ লাগলে বড় দুর্ঘটনা ঘটবে। অথচ ছোট শিশুও সেটি নাগাল পায়।
ব্যবসায়ীরা জানান, ১১ হাজার ভোল্ট, বিপজ্জনক এ রকম সাবধানবাণী লেখা সাইনবোর্ডটি ট্রান্সফরমার পরিবর্তন করার সময় সরিয়ে ফেলা হয়, তা আর লাগায়নি। ট্রান্সফরমার দুটি সংরক্ষিত অবস্থায় রাখার দাবি জানান ব্যবসায়ীরা। লোহাগড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এজিএম মো. শরিফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘এমন ব্যস্ত গলিপথে এটি রাখা ঠিক না। বিষয়টি আমার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানা আছে। ট্রান্সফরমার দুটি ওপরে তুলে দিতে পারলে নিরাপদ হতো। এ ব্যাপারে চিন্তাভাবনা চলছে।’