লোহাগড়া ভাইস চেয়ারম্যানসহ ছয়জন জেলহাজতে
চট্টগ্রামে লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আফসারসহ জামায়াতে ইসলামীর ছয় কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। স্থানীয় সাংসদ আবু রেজা নদভীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার জামিন নিতে গেলে চট্টগ্রামের বিচারিক আদালত এ আদেশ দেন।
জেলহাজতে পাঠানো অন্যরা হলেন মো. শফি, মোস্তাক খন্দকার, মো. মাহফুজ, মো. নাসির উদ্দিন ও কাজী জসীম। তাঁরা সবাই জামায়াতের কর্মী বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি লোহাগড়ার চুনুটিতে একটি ধর্মী অনুষ্ঠানে সাংসদ আবু রেজা নদভীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়। ওই ছয়জন মামলার এজাহারভুক্ত আসামি। আজ দুপুর ১২টার দিকে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল আফসারসহ ছয়জন চট্টগ্রাম বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদেরকে জেলহাজতে পাঠান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজান বলেন, নুরুল আফসারসহ জেলহাজতে পাঠানো সবার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার একাধিক মামলা রয়েছে।