লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫১ শয্যায় উন্নীত করার দাবি
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীতকরণের দাবিতে লোহাগড়া উপজেলা সেবাগ্রহীতা ফোরামের উদ্যোগে মানববন্ধন ও পথসভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সমানে লোহাগড়া-নড়াইল সড়কে এ মানববন্ধন ও পথসভা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।পথসভায় বক্তারা বলেন, ৫১ শয্যার টাকা বরাদ্দ হওয়ার পর নির্মাণকাজ শুরু হলেও তিন বছর ধরে তা পড়ে আছে। এ কারণে এলাকার প্রায় তিন লাখ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পথসভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান, লোহাগড়া উপজেলা সেবাগ্রহীতা ফোরামের সভাপতি অজয় কান্তি মজুমদার, সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বিশ্বাস, রেজাউল করিম, মো. মিজানুর রহমান, সদস্য অনিচুর রহমান, আবদুল হাই প্রমুখ।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, এ হাসপাতালকে ৫১ শয্যায় উন্নীত করতে পাঁচ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৫৫৫ টাকা বরাদ্দ হয়। ঢাকার ওয়াহিদ ট্রেডার্সকে ১৮ মাসের মধ্যে কাজ শেষ করতে ২০০৮ সালের ৩১ জুলাই কার্যাদেশ দেওয়া হয়। ওই বছর নভেম্বর মাসে তারা কাজ শুরু করে এবং ওই মাসেই কাজ ফেলে চলে যায়।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহিদুল ইমলাম বলেন, এ কাজ শেষ হলে চিকিৎসক বাড়বে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বরাদ্দ হবে এবং এটি একটি আধুনিক মানের হাসপাতাল হবে।সিভিল সার্জন আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, আগের ঠিকাদারকে বাতিল করা হয়েছে। হয়তো আগামি মাসে এ কাজের নতুন টেন্ডার হবে, বরাদ্দও বাড়বে।