লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণকাজ বন্ধ আড়াই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের জন্য চারটি ভবনের নির্মাণকাজ আড়াই বছর ধরে বন্ধ রয়েছে। এতে এলাকার প্রায় তিন লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, এ হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করতে পাঁচ কোটি ২৫ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকা থেকে হাসপাতালের একটি দোতলা ভবন এবং এর তৃতীয় তলার একাংশ নির্মাণ করার কথা; যেখানে ১৯টি শয্যা ও অস্ত্রোপচারকক্ষ থাকবে। এ ছাড়া ওই অর্থ থেকে চিকিৎসক ও কর্মকর্তাদের জন্য একটি করে দোতলা ভবন, কর্মচারীদের জন্য একটি তিনতলা ভবন, পুরাতন ৩১ শয্যা ভবনের সংস্কার এবং প্রয়োজনীয় সংযোগসড়ক নির্মাণ করার কথা। ঢাকার ওয়াহিদ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৮ মাসের মধ্যে কাজ শেষ করতে ২০০৮ সালের ৩১ জুলাই কার্যাদেশ দেওয়া হয়। ওই বছর নভেম্বর মাসে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে সেই মাসেই কাজ বন্ধ করে দেয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে কাজ পিছিয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য শুধু ৩৯টি পিলার আংশিকভাবে ঢালাই করা হয়েছে। পিলারের রডে মরিচা ধরেছে। এর চারপাশে মাটি, খোয়া ও বালি ফেলে রাখা হয়েছে। চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ভবন নির্মাণের জন্য খোঁড়া হয়েছে তিনটি বড় গর্ত। হাসপাতাল ঘুরে দেখা গেছে, শয্যার অভাবে রোগীরা হাসপাতালের বারান্দার মেঝেতে অবস্থান নিয়েছেন। যোগাযোগের চেষ্টা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোর-নড়াইল অঞ্চলের সহকারী প্রকৌশলী নাজমুল হক বলেন, নির্মাণকাজের মাত্র ১২ শতাংশ শেষ হয়েছে। ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে অনেকবার। সম্প্রতি প্রধান প্রকৌশলী ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। জবাব সন্তোষজনক না হলে কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে।