লোহাগড়ার পাঁচ গ্রামে তিন মাস ধরে তাণ্ডব
কাদের মোল্লার বাড়ির চারটি ঘরই ভেঙে নেওয়া হয়েছে। শূন্য ভিটায় ছড়ানো-ছিটানো গাছের ডালপালা। বাড়ির অধিকাংশ গাছ কেটে নেওয়া হয়েছে। ছেলেমেয়ে নিয়ে পাশের মহাজন গ্রামে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন কাদের মোল্লার স্ত্রী নাছিমা বেগম। তিনি কাঁদতে কাঁদতে জানালেন, প্রতিপক্ষের লোকজন বাড়ির আসবাবপত্র, ধান-চাল, টাকা-পয়সা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, গরু-ছাগলস চারটি টিনের ঘর নিয়ে গেছে। মাঠের ফসল কেটে গরু-ছাগলকে খাওয়ানো হচ্ছে। মফিজুল মোল্লার মা নূরজাহান বেগম (৫৮) জানান, তাঁর বাড়ির দুটি বসতঘর প্রতিপক্ষের লোকজন ভেঙে নিয়ে যাওয়ার পর বসবাস করার জন্য সেখানে গত শনিবার পলিথিন ও খড়ির বেড়ার ছাপরা তোলেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন তাও ভেঙে ফেলেছে।ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতার এই তাণ্ডব চলছে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে। ইউনিয়নের তেলকাড়া গ্রামের কমপক্ষে ২২টি বাড়ির বসতঘরসহ সবকিছু লুট করেছে প্রতিপক্ষের লোকজন। এসব পরিবারের সদস্যরা এখন অন্যত্র আশ্রয় নিয়েছেন। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এ ছাড়া কোটাকোল, ভাটপাড়া, ঘাঘা ও দিঘলিয়া পূর্বপাড় গ্রামে কমপক্ষে ২৪টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। লুটপাট হয়েছে গরু-ছাগল ও মাঠের ফসল। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, তেলকাড়া গ্রামে ২২টি পরিবারের বসতঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলাকারী পক্ষের লোকজন এখন এসব পরিবারের গাছপালা কেটে নিচ্ছে। ছবি তুলতে গেলে তাঁরা নিজেদের পরিচয় গোপন রেখে বলেন, ‘ছবি তুলে লাভ নেই।’ গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল জলিল মোল্লার বাড়িতে গিয়ে দেখা গেল, দিনের বেলা ঘরে তালা দিয়ে নারীরা ভেতরে অবস্থান করছেন। পুরুষমানুষ ও ছেলেমেয়েরা সবাই বাড়িছাড়া।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন কোটাকোল ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। চেয়ারম্যান পদে খান জাহাঙ্গীর আলমের কাছে পরাজিত হন হেমায়েত হোসেন। নির্বাচনের পর থেকে তেলকাড়া গ্রামের নিজাম শেখ ও নিটুর শেখের নেতৃত্বে হেমায়েত হোসেন সমর্থকদের বাড়িতে হামলা-লুটপাট শুরু করে। সহিংসতার প্রতিবাদ করতে গিয়ে গত ১ সেপ্টেম্বর তেলকাড়া গ্রামে খুন হন জাহাঙ্গীর আলম পক্ষের তুহিন শেখ (২৫)। এরপর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাট বেড়ে যায়। গ্রামের মফিল মোল্লা নিজাম শেখ ও নিটুর শেখসহ ৬৭ জনকে আসামি করে গত ৯ সেপ্টেম্বর লোহাগড়া থানায় মামলা করেছেন।এ ছাড়া কোটাকোল, ভাটপাড়া ও দিঘলিয়া পূর্বপাড় গ্রামে দুলু মুন্সীর নেতৃত্বে হেমায়েত হোসেন সমর্থিতদের ওপর সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। তবে দুলু মুন্সী ও নিজাম শেখ অভিযোগ অস্বীকার করেছেন। গ্রামের জাহানারা বেগম বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর দুলু মুন্সীসহ ১১ জনকে আসামি করে মামলা করেছেন।পরাজিত চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন বলেন, ‘নির্বাচনের পর থেকে তেলকাড়া, কোটাকোল, ভাটপাড়া, ঘাঘা ও দিঘলিয়া পূর্বপাড় গ্রামে বিজয়ী পক্ষের লোকজন আমার লোকজনের ওপর সন্ত্রাসী হামলা ও ভয়াবহ লুটপাট চালাচ্ছে। বিজয়ী চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ ব্যাপারে নিষ্ক্রিয় রয়েছেন।’ খান জাহাঙ্গীর আলম তেলকাড়া গ্রামের ২০-২২টি পরিবারের বসতঘরসহ সব মালামাল লুটপাট হওয়া ও অন্য চার গ্রামের সন্ত্রাসী হামলার কথা নিশ্চিত করে বলেন, ‘তাদের পূর্ব বিরোধ ছিল, নির্বাচনের পর তা সহিংসতায় রূপ নেয়। আমার লোক হলেও তাদের সন্ত্রাসী হামলার সমর্থন আমি করছি না। আজ (গতকাল মঙ্গলবার) দুই পক্ষকে নিয়ে বসব।’লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজ ইকবাল বলেন, ‘মানুষ যে কত নৃশংস হতে পারে তা কোটাকোল ইউনিয়নের অবস্থা দেখলে বোঝা যায়।’ তিনি জানান, নির্বাচনের পর থেকে বিজয়ী চেয়ারম্যান পক্ষের লোকজন পরাজিত পক্ষের লোকজনের ওপর অত্যাচার চালাচ্ছে। লুটপাটকারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণকুমার মণ্ডল জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতায় এসব গ্রামে মানবিক বিপর্যয় ঘটেছে। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।