লোহাগড়ার শিশু শামীম মুম্বাইয়ের আশ্রয়কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মিন্টু গাজীর ছেলে শামীম (১১) গত আট মাস ধরে ভারতের মুম্বাইয়ের ‘ওমরখাড়ি চিলড্রেন হোমে’ নামের একটি সরকারি শিশু আশ্রয়কেন্দ্রে রয়েছে। এক মাস আগে শিশুটির পরিবারের সদস্যরা ওই কেন্দ্রে তার অবস্থানের কথা জানতে পারেন।

ভারতের পুলিশ শামীমকে ২০১২ সালের ২১ জুন মুম্বাই রেলস্টেশন থেকে উদ্ধার করে ওই আশ্রয়কেন্দ্রে রাখে। তাকে ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শামীমের পরিবারের পক্ষ থেকে গত সোমবার লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে।

শামীমের দাদা ফায়েক গাজী জানান, ২০১২ সালের জুনে মিন্টু গাজী স্ত্রী ও তিন শিশুসন্তান নিয়ে কাজের সন্ধানে ভারতের মুম্বাই শহরে যান। তাঁরা শহরের নিরুল এলাকায় একটি বস্তিতে ওঠেন। কয়েক দিন পর মিন্টু অসুস্থ হয়ে পড়েন।

এরপর তাঁর বড় ছেলে শিশু শামীম পরিবারের সদস্যদের খাবার জোগাড় করতে কাজের সন্ধানে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ হয়। এক মাস আগে একটি বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে শামীমের খোঁজ পাওয়া যায়। মিন্টু ও তাঁর পরিবারের অন্য সদস্যরা এখনো ভারতে রয়েছেন।

যোগাযোগ করা হলে লোহাগড়ার ইউএনও রেবেকা খান প্রথম আলোকে বলেন, শামীমের পরিবারের আবেদন পেয়েই খোঁজখবর নিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তাকে উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী ও শিশু পাচার সেলে যোগাযোগ করা হবে। তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

নিখোঁজ নাতিকে ফিরে পেতে আকুতি জানিয়ে শামীমের দাদি ভানু বেগম বলেন, তাঁদের কোনো জমিজমা নেই। ছেলে মিন্টু দিনমজুরির কাজ করতেন। অতি কষ্টের সংসার তাঁদের। তাই ভালো থাকার জন্য মিন্টু পরিবার নিয়ে মুম্বাই চলে যান।