লোহাগড়ার সেই বিদ্যালয়ে মার্কেট নির্মাণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা ও ভবন দখল করে কালিয়া উপজেলা চেয়ারম্যানের মা-র্কেট নির্মাণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নলিনী কুমার যোদ্দার এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার বালাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার এই সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।গত সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা লোহাগড়ায় এসে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন। এখন এখানে মার্কেট নির্মাণের কাজ বন্ধ রয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অশোক কুমার সমাদ্দার জানান, মার্কেট নির্মাণের শুরুতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। একই সঙ্গে গোপনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ রেজুলেশন করে মার্কেট নির্মাণের অনুমোদন দেওয়ায় এবং যথাসময়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোয় শিক্ষা অধিদপ্তরের নির্দেশে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামিম রহমানের মার্কেট নির্মাণের বিষয়ে গত ২৪ জুলাই প্রথম আলোয় ‘নিচে স্কুল, ওপরে মার্কেট’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, ‘আমরা মাঠপর্যায়ে বিষয়টি নিয়ে এর আগে সিদ্ধান্তহীনতায় ছিলাম। এখন উচ্চপর্যায়ের নির্দেশনার অপেক্ষায় আছি।’