লোহাগড়ার ১২০ নারী কর্মী বেতন পান না ছয় মাস
নড়াইলের লোহাগড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের (আরইআরএমপি) ১২০ জন নারী কর্মী ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে অসহায় হতদরিদ্র এসব নারীর পরিবারের সদস্যেরা মানবেতর জীবনযাপন করছেন। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এ প্রকল্পে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ করতে প্রতি ইউনিয়নে ১০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া আছে। এ উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ১২০ জন কর্মরত আছেন। দুস্থ, বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত অসহায় নারীদের এখানে নিয়োগ দেওয়া হয়। শুক্রবার বাদে প্রতিদিন তাঁরা ৯০ টাকা করে বেতন পান। উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, বরাদ্দ না থাকায় এসব কর্মীকে গত জানুয়ারি মাস থেকে বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে প্রকল্প পরিচালক চেষ্টা করছেন। বিষয়টি সংসদেও আলোচনা হয়েছে। কিন্তু বরাদ্দের এখনো কোনো খবর নেই। উপজেলার নলদী ইউনিয়নের কর্মী বেবি নাজনীন (৩৫) বলেন, ‘ বেতন না পাওয়ায় দোকানপাটে অনেক টাকা দেনা হয়ে গেছি। হ্যান্যে বেতন না পালি মরণ ছাড়া উপায় নাই।’ শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের মনোয়ারা বেগম (৩০) বলেন, ‘ছয় মাস ধরে বেতন না পাওয়ায় একটা এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে খাচ্ছি। হ্যান্যে বাঁচে থাকাই দায় হয়ে গেছে।’