লোহাগড়ায় অজ্ঞাত রোগে ১১ ছাত্রী ও দুই ছাত্র অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী গতকাল বুধবার অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ নবম শ্রেণীর সোনিয়া খানমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের বিদ্যালয়ে ও বাড়িতে ঝাড়-ফুঁক ও তেলপড়া দেওয়া হয়েছে।সরেজমিনে জানা গেছে, বেলা ১০টায় বিদ্যালয়ে আসার পরপর এক এক করে ১১ ছাত্রী ও দুই ছাত্র হঠাৎ ক্লান্তি ও ঝিম ঝিম ভাব অনুভব করে; এরপর অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে হাত-পা ছোড়াছুড়ি ও শক্তি প্রয়োগ করে ছেড়ে দেওয়ার কথা বলে। মাথায় পানি ঢালার পর অনেকে কিছুটা সুস্থ বোধ করে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সোনিয়া খানমের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মোল্লা জানান, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। ডেকে আনা হয় মসজিদের ইমাম কারি মো. সিদ্দিকুর রহমানকে। তিনি ঝাড়-ফুঁক ও তেল পড়া দিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিদ্যালয় ছুটি দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘এটি মানসিক রোগ। এর জন্য কোনো সমস্যা হবে না। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এবং বাড়িতে অভিভাবকদের মধ্যে সদ্ভাব থাকলে এটি এড়ানো সম্ভব।’