লোহাগড়ায় অপহূত ব্যবসায়ী ১১ দিনেও উদ্ধার হয়নি
নড়াইলের লোহাগড়ায় এক ব্যবসায়ীকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহূত আবদুল্লাহ মোল্লাকে (৩৫) পুলিশ ১১ দিনেও উদ্ধার করতে পারেনি। আবদুল্লাহ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের আবদুল মান্নান মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীপাশা বাজারের সবজি বিক্রেতা। তাঁর স্ত্রী সাবিনা বেগম জানান, ৯ জানুয়ারি ভোরে লক্ষীপাশা বাজারে এসে আবদুল্লাহ আর বাড়ি ফেরেননি। আবদুল্লাহর ছোট ভাই আবু তাহিদ জানান, ১০ জানুয়ারি দুপুরে অজ্ঞাত একজন ব্যক্তি বাংলালিংকের একটি নম্বর থেকে ফোন করে আবদুল্লাহকে ফেরত দেওয়ার বিনিময়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত বৃহস্পতিবার সকালে একই নম্বর থেকে ফোন করে একটি বিকাশ নম্বরে মুক্তিপণের তিন লাখ টাকা পাঠাতে বলা হয়।লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ময়েনউদ্দীন জানান, অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে আবদুল্লাহর বন্ধু ইতনা গ্রামের শিমুল (৩৩) ও ভাটগাতি গ্রামের আজমকে (২৮) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, আবদুল্লাহকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।