লোহাগড়ায় আ.লীগের দুই পক্ষের পৃথক মিছিল সমাবেশ
নড়াইলের লোহাগড়া উপজেলা সদরে গতকাল শুক্রবার একই সময়ে আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক মিছিল সমাবেশ হয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন বর্তমান সাংসদ এস কে আবু বাকের। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান।
সাংসদ বাকেরের নেতৃত্বে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় চত্বর থেকে দুপুর ১২টায় মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুন্দশী চৌরাস্তায় পথসভা হয়। এতে সাংসদ ছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী আলাউদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন প্রমুখ।
এদিকে চেয়ারম্যান আবদুল হান্নানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টায় শহরের আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের প্রধান ফটকে পথসভা হয়। এতে চেয়ারম্যান ছাড়াও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বি এম হেমায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়জুর আমির ও মতিয়ার রহমান প্রমুখ বক্তৃতা করেন।