নড়াইলের লোহাগড়া বাজারের ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন নড়াইল সদর থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনেন।এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার লোহাগড়ায় ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে ব্যবসায়ী-জনতা সমাবেশ করেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি ব্যবসায়ীরা। ভস্মীভূত দোকানগুলোয় প্রসাধন, ক্রোকারেজ ও প্লাস্টিকের সামগ্রী ছিল। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা ভস্মীভূত দোকানের পাশে বসে আহাজারি করছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, তাঁরা অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী। এর ওপরই তাঁদের সংসার। অনেকেই এনজিও ও ব্যাংকের ক্ষুদ্রঋণ নিয়ে ব্যবসা করছিলেন। সবাই এখন নিঃস্ব হয়ে গেছেন। এদিকে গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা লোহাগড়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করে বলেন, লোহাগড়ায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যেত। লোহাগড়া বাজার চত্বরের সমাবেশে বাজার বণিক সমিতির সভাপতি সরদার ওহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল-২ আসানের সাংসদ এস কে আবু বাকের, অতিরিক্তি জেলা প্রশাসক সরদার রকিবুল বারী প্রমুখ।