লোহাগড়ায় উপকারভোগীদের তালিকা তৈরি শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্র পরিবারকে সহায়তা দিতে ১০ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রমে নড়াইলের লোহাগড়ায় এখনো উপকারভোগী পরিবারগুলোর তালিকা তৈরির কাজ শুরু হয়নি। নিয়োগ হয়নি ডিলার।
গত বুধবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। সারা দেশে একসঙ্গে চাল বিক্রির এই কার্যক্রম শুরু হওয়ার কথা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, এই কর্মসূচির আওতায় লোহাগড়ায় ১৫ হাজার ৮৪১টি পরিবার ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে পাঁচ মাস চাল কিনতে পারবে। এ জন্য উপজেলায় ৩২ জন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। চলতি সেপ্টেম্বর থেকে আগামী নভেম্বর পর্যন্ত এবং আগামী বছরের মার্চ থেকে এপ্রিল—এই পাঁচ মাস সরকারি এই বিশেষ সহায়তা পাবে এসব হতদরিদ্র পরিবার। বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্ত, নারীপ্রধান এবং শিশু আছে এমন পরিবার তালিকায় অগ্রাধিকার পাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, লোহাগড়া উপজেলায় গতকাল রোববার পর্যন্ত উপকারভোগী পরিবারগুলোর তালিকা তৈরির কাজ শুরু হয়নি। ডিলার বাছাই বৃহস্পতিবার চূড়ান্ত করা হয়েছে। তবে ডিলার নিয়োগ দেওয়া হয়নি। ইতিমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় ঈদের পর এই তালিকা তৈরির কাজ শুরু হবে।