লোহাগড়ায় এমএলএমের ফাঁদে ২০০ মানুষ নিঃস্ব
তথাকথিত বহু ধাপ বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউ প্রতারণার মাধ্যমে নড়াইলের লোহাগড়ায় ২০০ গ্রাহকের প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী গ্রাহকেরা অভিযোগ করেন, এর মূল হোতা খান আলমগীর হোসেন তিন থেকে চার মাস ধরে আত্মগোপনে আছেন। গ্রাহকেরা দিশাহারা হয়ে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী গ্রাহকেরা জানান, লোহাগড়া পৌর এলাকার রামপুর গ্রামের খান আলমগীর হোসেন নিজেকে নড়াইল জোনের এজেন্ট পরিচয় দিয়ে ২০১০ সালের জুলাইয়ে এমএলএম ব্যবসা শুরু করেন। ১০ মাসে বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ হওয়ার প্রলোভন দেখান তিনি। কৌশল হিসেবে কয়েকজন গ্রাহককে সামান্য মুনাফা দেন। আর আস্থা অর্জনে নিজের দুই কোটি টাকার জমিজমা ও বসতভিটা দেখিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন। ভুক্তভোগী ব্যক্তিদের লিখিত অভিযোগে জানা গেছে, আলমগীর হোসেন লোহাগড়ার ঝিকড়া গ্রামের মো. ওহিদুজ্জামানের কাছ থেকে ২০ লাখ, রামপুরের আলমগীর কবিরের কাছ থেকে ১৫ লাখ, কে এম সেকেন্দারের কাছে সাড়ে ১৩ লাখ, আবু বকরের কাছ থেকে চার লাখ, লক্ষ্মীপাশার এম শহিদুল আলমের কাছ থেকে ১১ লাখ, মনজরুল করিমের কাছ থেকে প্রায় তিন লাখ টাকাসহ দুই কোটি টাকা নিয়ে তিন থেকে চার মাস ধরে আত্মগোপনে আছেন। সাবেক সেনাসদস্য ও ভুক্তভোগী কে এম সেকেন্দার প্রথম আলোকে জানান, পৌর এলাকার ছয় কানি (১৮ শতাংশ) জমি, গরু-বাছুর ও গাছপালা বিক্রি করে এবং কৃষি ব্যাংকের ঋণ নিয়ে তিনি সাড়ে ১৩ লাখ টাকা বিনিয়োগ করেন। সব হারিয়ে এখন তিনি নিঃস্ব। ওহিদুজ্জামান জানান, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করে এখন তিনি সর্বস্বান্ত। ১৬ মে খান আলমগীরের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী তহমিনা বেগম জানান, গ্রাহকদের উৎপাতে তিনি তিন থেকে চার মাস ধরে আত্মগোপনে আছেন।আলমগীর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাগেরহাটের কুদ্দুস নামের একজনের মাধ্যমে ইউনিপেটুইউর এজেন্ট হন। তাঁরও ১১ লাখ টাকা বিনিয়োগ করা আছে। তিনি নিজেই ভুক্তভোগী। কোম্পানির সমস্যা হওয়ায় এসব টাকা আটকে গেছে দাবি করে তিনি জানান, সব টাকা কোম্পানিতে জমা দেওয়া হয়েছে। আত্মগোপনে থাকার কারণ হিসেবে গ্রাহকদের উৎপাতের কথা বলেন তিনি।লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজ ইকবাল জানান, এ নিয়ে থানায় কয়েকটি জিডি হয়েছে। মামলা করলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত।