লোহাগড়ায় কাবিখার কাজে অনিয়মের অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এ অভিযোগ তুলেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে ইউনিয়নে কাবিখার পাঁচটি প্রকল্পে ১৩৬ মোট্রক টন চাল বিশেষ বরাদ্দ দেওয়া হয়। গত ১২ মার্চ থেকে ৬০ দিনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল।পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটির আওতাভুক্ত ছিল কুচিয়াবাড়ি চৌরাস্তা থেকে উলা দক্ষিণ পাড়া মাদ্রাসা পর্যন্ত পাকা সড়কের দুই পাশে মাটি ভরাটের কাজ। অন্য দুটি প্রকল্পের আওতায় এই সড়কের বাঁ পাশে কাঁচা রাস্তা সংস্কারের কাজ ছিল। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, এই পাঁচটি প্রকল্পে গড়ে ১০ শতাংশ কাজ হয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী বসিরুল হক বলেন, ‘এই বিশেষ বরাদ্দ এনে নামকাওয়াস্তে কাজ দেখিয়ে প্রায় পুরো বরাদ্দই আত্মসাৎ করা হয়েছে।’ স্থানীয় বাসিন্দারা এসব কাজের বিষয়ে নানা মন্তব্য করলেও ভয়ে নাম প্রকাশ করতে রাজি হননি। কুচিয়াবাড়ি চৌরাস্তা থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত পাকা রাস্তার দুই পাশের মাটির অংশের কাজে ৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কুচিয়াবাড়ির তিনজন যুবক বলেন, এখানে সর্বোচ্চ পাঁচ মেট্রিক টন চাল ব্যয় করা হয়েছে। ইউপি চেয়ারম্যান বলেন, ‘রাস্তার ঢালুতে ঘাস চেঁছে মাটি আলগা করে কাজ দেখানো হয়েছে। কাজের নামে হয়েছে প্রতারণা।’মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও প্রকল্পের সভাপতি বয়রা গ্রামের কাজী মরফুদুল হককে পাওয়া য়ায়নি। তাঁর ভাই লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন বলেন, ‘আমি নিজে থেকে কাজ করিয়েছি। কাজ খুব ভালো হয়েছে।’ বাদশা শেখের বাড়ি থেকে নোয়াগ্রাম মান্নান ফারাজির বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল। নোয়াগ্রামের এক যুবক বলেন, ‘রাস্তা আগের মতোই আছে। শুধু কোদাল দিয়ে মাটি সমান করা হয়েছে।’ এ প্রকল্পের সভাপতিও বয়রা গ্রামের কাজী মরফুদুল হক। প্রকল্প কমিটির সদস্য বাচ্চু চৌধুরী বলেন, ‘কাজ আমি করিয়েছি। সব বরাদ্দই খরচ হয়েছে।’ আমাদা সোয়েব মৃধার বাড়ি থেকে আইরের খালের ব্রিজ পাকা রাস্তার দুই পাশের কাজে বরাদ্দ ছিল ১২ মেটিক টন চাল। এ সড়কের পাশের বাসিন্দা একজন বৃদ্ধা বলেন, ‘অগেও রাস্তা যেমন ছিল, এখনো তেমনই আছে।’ প্রকল্পের সভাপতি বয়রা গ্রামের রকিবুল শেখ বলেন, ‘কাজ ভালো হয়েছে। সব বরাদ্দই ব্যয় হয়েছে।’ উলা মান্নান মৃধার বাড়ি থেকে দক্ষিণ পাড়া মাদ্রাসা রাস্তা সংস্কারে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল। উলা গ্রামের এক বৃদ্ধ বলেন, ‘দুই দিন ১০-১২ জন শ্রমিক জায়গায় জায়গায় নামের মাটি ফেলেছে।’ এ প্রকল্পের সভাপতিও রকিবুল শেখ। তিনি অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাস্তার পাশে অনেক মাটি দেওয়া হয়েছে। এতে সব বরাদ্দই শেষ হয়েছে।’ উলা সোবহান মোল্লার বাড়ি থেকে আকবার গাজীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে ৩১ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল। প্রকল্পের সভাপতি বাচ্চু চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়ম অনুযায়ী কাজ হয়েছে।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ মো. আজিমউদ্দীন বলেন, ‘কাজ সন্তোষজনক।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান বলেন, ‘আমি নিজে কাজ দেখতে গিয়েছিলাম। কাজ ভালো হয়েছে। বরাদ্দের যথাযথ ব্যবহার হয়েছে।’