লোহাগড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের চরবগজুড়ি গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ মুক্তা খানমের (২৪) লাশ গত সোমবার দুপুরে তাঁর শ্বশুরবাড়ির পাশে মধুমতী নদীর ঘাট থেকে উদ্ধার করা হয়েছে।মুক্তার পরিবারের অভিযোগ, তাঁকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। এ ব্যাপারে পুলিশ হত্যা মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন মুক্তার বোন সালেহা। সালেহা বলেন, মুক্তার স্বামী লাভলু এর আগে ফরিদপুরে একটি বিয়ে করেন। সেই স্ত্রীকে লাভলু বাড়িতে আনতে চেয়েছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। এ অবস্থায় মুক্তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মুক্তার গলা ফোলা, বাম কান ও তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া পানিতে ডুবে মরলে ঘাটেই লাশ পাওয়া যেত না। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে থানায় মুক্তার স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দিতে গেলে পুলিশ তা নেয়নি।গতকাল মঙ্গলবার লাভলুর মুঠোফোনে কয়েকবার কল করে তা বন্ধ পাওয়া গেছে। লাভলুর বাবা নায়েব আলী মীর মুঠোফোনে বলেন, ‘দুপুরে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মারা গেছে মুক্তা। পরে তার লাশ গ্রামবাসী উদ্ধার করেছে।’লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, থানায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।