লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী সুন্দর হাসিখুশি মেয়েটা। অমায়িক মানুষ। সবার সঙ্গে ভালো ব্যবহার। কিন্তু বিয়ের পর থেকে সুখ করতে পারল না। ছাই-ছাতা নিয়ে প্রায়ই মারধর করেন স্বামী, শ্বশুর ও শাশুড়ি। শেষমেশ মেরেই ফেললেন। এর উপযুক্ত বিচার হওয়া উচিত।

গৃহবধূ সীমা বেগম (১৭) সম্পর্কে এসব কথা বলছিলেন চোরখালী গ্রামের প্রতিবেশীরা। নড়াইলের লোহাগড়া পৌর এলাকার চোরখালী গ্রামের হুসাইন মোল্লার (২৫) স্ত্রী সীমা। গত শনিবার সীমার মৃত্যু হয়। কিন্তু এ মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় শনিবারই অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রানা প্রতাপ ঘোষ গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, হত্যা নাকি আত্মহত্যা, তা এখানো পরিষ্কার নয়। গতকাল নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষ হয়েছে। স্বজনেরা মেয়ের বাবা আলাল শেখের বাড়ি নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামে লাশ নিয়ে গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে তার গায়ে আঘাতের চিহ্ন আছে।

গতকাল দুপুরে চোরখালী গ্রামে হুসাইনদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ আরও বলেন, শনিবার সকালে সীমার মৃত্যুর পর সবাই পালিয়েছেন। পাঁচ বছর আগে হুসাইনের পছন্দে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সীমার সঙ্গে তাঁর বিয়ে হয়। লোহাগড়া বাজারে চুল কাটার সেলুন আছে হুসাইনের। তাঁদের আড়াই বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। এ বিয়ে মেনে নিতে পারেননি হুসাইনের মা তাসলি বেগম। শুরু থেকেই শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতন সইতে হয়েছে তাকে। ছোটখাটো বিষয় নিয়ে ছেলের কাছে অভিযোগ, এতেই স্বামী মারধর করতেন সীমাকে। ৫-৬ মাস আগে মূল ঘর থেকে নামিয়ে দিয়েছেন শাশুড়ি। এরপর থাকতেন রান্নাঘরে। মূল ঘরে প্রবেশ ছিল নিষিদ্ধ।

সর্বশেষ সংসারের কাজের জন্য প্রতিবেশীর বাড়ি থেকে এক কেজি পাট এনেছিল সীমা। এটাই তার অপরাধ। কার কাছে শুনে পাট আনা হলো?Ñএ কথা বলেই শনিবার সকালে স্বামী ও শাশুড়ি বেধড়ক মারধর করেন তাকে। এরপর ভ্যানে তুলে হুসাইন হাসপাতালে নিয়ে যান।

এসআই রানা প্রতাপ ঘোষ বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর বিশ্বনাথ দাস প্রথম আলোকে বলেন, ‘শুনেছি ওড়না দিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস নেওয়া অবস্থা থেকে নামিয়ে বাড়ির লোকজন হাসপাতালে নিয়েছেন। কিন্তু বিষয়টি পরিষ্কার নয়। তবে শাশুড়ির জন্যই মেয়েটিকে মরতে হলো।’